মাদকাসক্ত ছেলেকে পুলিশে সোপর্দ, ছয় মাসের কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক নারী গতকাল রোববার তাঁর ছেলেকে পুলিশে সোপর্দ করেছেন।
ওই নারী বলেন, তাঁর ছেলে জসিম উদ্দিন (২২) মাদকাসক্ত। পরে ভ্রাম্যমাণ আদালত জসিমকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে জেলা কারাগারে পাঠিয়েছেন।
জসিম উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের আবুল হাশেম ও জাহানারা বেগমের ছেলে।
পুলিশ ও জসিমের পরিবারের সদস্যরা বলেন, জসিম উদ্দিন বছর দু-এক আগে মাদকাসক্ত হয়ে পড়েন। নেশার টাকার জন্য তিনি নানাভাবে পরিবারের সদস্যদের ওপর চাপ দিতেন। সম্প্রতি নেশার টাকার জন্য তিনি বেপরোয়া হয়ে ওঠেন। ১৫-২০ দিন আগে নেশার টাকার জন্য জসিম তাঁর মাসহ পরিবারের সদস্যদের মারধর করেন। এ বিষয়ে জাহানারা বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন।
গতকাল সকালে জসিম উদ্দিন ঘরের আসবাব ভাঙচুর করতে থাকেন। এ সময় প্রতিবেশীদের সহায়তায় জাহানারা ছেলেকে পুলিশে ধরিয়ে দেন। দুপুরে ইউএনওর দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মৌসুমী বাইন নিজ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জসিম উদ্দিনকে ছয় মাসের কারাদণ্ড দেন।