মাদকাসক্ত ছেলেকে পুলিশে সোপর্দ
নীলফামারীতে আবদুল্লাহ আল মুকিব (২৬) নামের এক মাদকাসক্ত ছেলেকে তাঁর বাবা গতকাল সোমবার পুলিশে দিয়েছেন। পরে পুলিশ মুকিবকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। আদালত তাঁকে এক বছরের কারাদণ্ড দেন। আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাবেত আলী।
মুকিবের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শহরের বারইপাড়া মহল্লার আবু সাইফ ফারুকের ছেলে আব্দুল্লাহ আল মুকিব মাদকাসক্ত। প্রায়ই মুকিব বাড়ির আসবাবপত্র ভাঙচুর করতেন ও নেশার টাকার জন্য পরিবারের সদস্যদের মারধর করতেন। এতে অতিষ্ঠ হয়ে আবু সাইফ ছেলের বিরুদ্ধে সদর থানায় গতকাল সকালে লিখিত অভিযোগ দেন। পরে মুকিবকে আটক করে পুলিশ। এরপর দুুপুরে মুকিবকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় অভিভাবকের উপস্থিতিতে আদালতের বিচারক তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।
সদর থানার পরিদর্শক (ওসি-তদন্ত) বাবুল আকতার জানান, ওই ছেলেকে কারাগারে পাঠানো হয়েছে। ইউএনও মো. সাবেত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।