মাদকাসক্ত ছেলেকে পুলিশে সোপর্দ
নেশার টাকা না পেয়ে বাড়ির জিনিসপত্র চুরি করতেন দিনাজপুরের বিরামপুর উপজেলার শালখুরিয়া ইউনিয়নের বেড়ামালিয়া গ্রামের আবু সাঈদ (১৮)। চুরি করতে না পারলে মা-বাবার সঙ্গে শুরু করতেন দুর্ব্যবহার।অনেক চেষ্টা করেও আবু সাঈদকে মাদক সেবন করা থেকে বিরত রাখতে না পেরে গতকাল বৃহস্পতিবার তাঁর বাবা আবদুল মাবুদ সরকার তাঁকে বিরামপুর থানায় সোপর্দ করেন। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান হাবিব সাঈদকে ছয় মাসের বিনাশ্রম কারদণ্ড দেন।আবদুল মাবুদ সরকার বলেন, ‘স্কুলে পড়া অবস্থায় সাঈদ মাদকাসক্ত হয়ে পড়ে। নেশার কারণে আমার ছেলে লেখাপড়াও ছেড়ে দেয়। নেশার টাকা জোগাড় করার জন্য সে বাড়িতে রাখা টাকাপয়সা চুরি করত। টাকা না পেলে বাড়ির জিনিসপত্র চুরি করে বিক্রি করত। অনেক বুঝিয়েও ছেলেকে নেশা থেকে বিরত রাখতে পারিনি। তাই বাধ্য হয়ে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি।’আবু সাঈদ জানান, বন্ধুদের পাল্লায় পড়ে তিনি নেশাগ্রস্ত হয়ে পড়েন।