মাদকাসক্ত ছেলেকে পুলিশে সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নকলায় এক বাবা তাঁর ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। ছেলে মাদকাসক্ত বলে জানা গেছে। নকলা পৌর শহরের ব্যবসায়ী মাহবুবুল আলম গত মঙ্গলবার রাতে তাঁর ছেলে জুয়েলকে (৩০) পুলিশের কাছে তুলে দেন। জুয়েলকে গতকাল বুধবার বিকেলে শেরপুরের বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে জুয়েল তাঁর বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং একপর্যায়ে তাঁকে মারধরের চেষ্টা করেন। পরে ছেলের অত্যাচার সইতে না পেরে বাবা মাহবুব বিষয়টি নকলা উপজেলা চেয়ারম্যানকে জানান। তাতেও কোনো কাজ হয়নি। পরে রাত সাড়ে ১০টায় জুয়েলকে নকলা থানার পুলিশের হাতে তুলে দেন বাবা।নকলা থানার উপপরিদর্শক (এসআই) মো. সুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল প্রথম আলোকে বলেন, এ ঘটনায় নকলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মাদকাসক্ত জুয়েল যেকোনো মুহূর্তে কোনো ধর্তব্য অপরাধ করতে পারেন। তাই পুলিশ তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার করেছে। জুয়েলের চাচা মো. দেলোয়ার হোসেন বলেন, জুয়েল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং পরিবারের লোকজনের সঙ্গে দুর্ব্যবহার করে আসছিল। তাই তার বাবা তাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন।