মাদকাসক্ত ছেলেকে পুলিশে সোপর্দ
মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে একমাত্র ছেলেকে থানায় সোপর্দ করলেন মা-বাবা। ওই ছেলের নাম মো. জসিম উদ্দিন। পরে ভ্রাম্যমাণ আদালত জসিমকে তিন মাসের কারাদণ্ড দেন। কক্সবাজারের রামু উপজেলায় গত বুধবার এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, তাঁরা জসিমকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ মোহাম্মদ ছাইদুল হকের কাছে নিয়ে যান। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইউএনও তাঁকে তিন মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের চা-বাগান পাহাড়িয়া পাড়ার বাসিন্দা জসিমের বাবা ওসমান সওদাগর ও মা নূরনাহার বেগম বুধবার ইউএনওর কার্যালয়ে প্রথম আলোকে বলেন, ছেলের বয়স এখন ১৯ বছর। এক টাকাও রোজগার করে না। মাদক সেবন করে এসে প্রায়ই তাঁদের মারধর করে। প্রতিদিন ঘুম থেকে উঠে সিগারেট এবং নেশাজাতীয় বড়ি এনে দিতে বলে। না দিলে শুরু হয় নির্যাতন। সম্প্রতি নির্যাতন আরও বেড়ে যাওয়ায় তাঁরা ছেলেকে পুলিশে সোপর্দ করেন।ইউএনওর সামনে জসিম নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে বলেন, আজ (বুধবার) থেকে তিনি ভালো হয়ে যাবেন, কিন্তু তাঁর কথায় সাড়া না দিয়ে ইউএনও তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।