মাদকাসক্ত ছেলেকে পুলিশে সোপর্দ
মাদকাসক্ত ছেলের কারণে পরিবারে অশান্তি বিরাজ করছিল। ঘরের টাকাপয়সা, সোনাদানা, ঘটি-বাটি, ছাগল-মুরগি, চাল—হাতের কাছে যখন যা পেতেন, তা-ই চুরি করে নেশার টাকা জোগাড়ে বিক্রি করে দিতেন। নেশার টাকা না পেলে মা-বাবাসহ পরিবারের সবাইকে অত্যাচার-নির্যাতন করতেন। দিনের পর দিন এমন অত্যাচারে অতিষ্ঠ বাবা তাঁর মাদকাসক্ত ছেলেকে গতকাল শুক্রবার দুপুরে পুলিশে সোপর্দ করেছেন। পরে আদালত ওই মাদকাসক্তকে নয় মাসের কারাদণ্ড দেন।ঘটনাটি জয়পুরহাটের কালাই উপজেলার। দণ্ডপ্রাপ্ত ওই ছেলের নাম এরশাদুল ইসলাম (২৫)। তিনি পুনট ইউনিয়নের উ ৎরাইল গ্রামের আবুল কালামের ছেলে। পুলিশের কাছে আবুল কালাম অনুরোধ করেছিলেন, স্বাভাবিক জীবনে ফেরার জন্য তাঁর ছেলেকে যেন কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।আবুল কালাম বলেন, ‘এরশাদুল গাঁজা, ফেনসিডিলসহ নানা ধরনের মাদক সেবন করত। অনেক চেষ্টা করেও নেশা থেকে ফেরাতে না পেরে ছেলেকে পুলিশে সোপর্দ করার মতো কঠিন কাজটি করতে হয়েছে।’কালাই থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, মাদকসেবী এরশাদুলের অত্যাচারে তাঁর গোটা পরিবারই অতিষ্ঠ হয়ে উঠেছিল। এরশাদুলকে নেশা থেকে ফেরাতে না পেরে তাঁর বাবা আবুল কালাম শুক্রবার তাঁকে পুলিশে সোপর্দ করেন। এ সময় তাঁর দেহ তল্লাশি করে কয়েক পুরিয়া গাঁজাও পাওয়া গেছে।পরে এরশাদুলকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতে এরশাদুলকে হাজির করার সময় আবুল কালামও উপস্থিত ছিলেন। এ সময় তিনি আদালতের কাছে ছেলেকে জেলে পাঠানোর অনুরোধ করেন। আদালতের বিচারক ও কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজার রহমান এরশাদুলকে নয় মাসের কারাদণ্ড দিয়ে জেলে পাঠান।