মাদকাসক্ত ছেলেকে পুলিশে সোপর্দ করলেন বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে গত শুক্রবার রাতে মাদকাসক্ত ছেলে মাফিজুল ইসলামকে (২৫) পুলিশে সোপর্দ করেছেন বাবা আব্বাস উদ্দিন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, পৌরসভার ভুরারবাড়ি গ্রামের মাফিজুল দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছেন। তিনি মা-বাবার কাছে মাদক সেবনের জন্য টাকা চেয়ে না পেয়ে প্রায়ই বাড়ির আসবাব ভাঙচুর করতেন। এতে অতিষ্ঠ হয়ে মাফিজুলকে পুলিশে সোপর্দ করেন বাবা আব্বাস উদ্দিন।
আব্বাস উদ্দিন বলেন, ‘মাদকাসক্ত ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে তাকে পুলিশে সোপর্দ করেছি।’
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কামরুল আহসান জানান, আব্বাস উদ্দিন ছেলে মাফিজুলকে আসামি করে মামলা করেছেন। পুলিশ জানায়, মাফিজুলকে গতকাল শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।