মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন মা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেরোইনসেবী ছেলের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে তাঁকে পুলিশের হাতে তুলে দিলেন এক মা। গত বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐয়ারকোনা গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ওই গ্রামের জিলু মিয়া (৩২) দীর্ঘদিন ধরে হেরোইনের নেশায় আসক্ত। হেরোইন কেনার টাকা জোগাড় করতে তিনি এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িয়ে পড়েন। তাঁর উৎপাতে পরিবার ও এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে। জিলু মিয়ার মা নেছারুন বিবি বলেন, ‘কতটা অতিষ্ঠ হলে কোনো মা তাঁর ছেলেকে পুলিশে তুলে দেন এ কথা বলে বোঝাতে পারব না। নেশা আমার পরিবারকে শেষ করে দিয়েছে। তাই এলাকাবাসীর সহযোগিতায় ছেলেকে পুলিশে দিলাম। দেখি, এখন ভালো হয় কি না।’ জগন্নাথপুর থানার ওসি সালেহ আহমদ জানান, জিলু মিয়াকে জেলহাজতে পাঠানো হয়েছে।