মাদকাসক্ত ছেলের নির্যাতন, থানায় অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত থানায় অভিযোগ দিয়েছেন মা-বাবা ও তাঁদের পুত্রবধূ। গত বুধবার সন্ধ্যায় ফুলবাড়ী থানায় তাঁরা অভিযোগ দেন। তাঁদের বাড়ি শিবনগর ইউনিয়নের রাজারামপুর (গোয়ালপাড়া) গ্রামে।
মাদকসেবী তপনের স্ত্রী রীতা রানী বলেন, ‘নেশাখোর স্বামীর কারণে দুই সন্তান নিয়ে অধিকাংশ দিনই আমাদের অনাহারে থাকতে হচ্ছে। বাড়িতে হাঁস, মুরগি ও ছাগল পালন এবং অন্যের কাজ করে দিয়ে কোনো রকমে বাচ্চাদের মুখে খাবার তুলে দিই। সে (স্বামী) রিকশা-ভ্যান চালায়, রোজগারের এক টাকাও সে সংসারে দেয় না, উল্টো আমার কাছে টাকা চায়। টাকা না দিলে মারধর করে।’
তপনের বাবা বিজয় চন্দ্র রায় ও মা নিলামতি বলেন, ‘নেশাখোর সন্তান যেন কারও ঘরে না জন্মায়। অভাবের সংসার, নেশা করার টাকা দিতে না পারলে সংসারের জিনিসপত্র ভেঙে ফেলে, বাধা দিলে সবাইকে মারধর করে। বাধ্য হয়ে থানায় অভিযোগ দিয়েছি।’
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, শিগগিরই তপনকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হবে।