মাদকাসক্ত ছেলের হাতে মা খুন
ময়মনসিংহ শহরে এবার নেশা করতে টাকা চেয়ে না পেয়ে মাদকাসক্ত ছেলে লাঠি দিয়ে আঘাত করে তার বৃদ্ধ মাকে খুন করল। আর এ ঘটনায় নিহতের ভাই ইউনুস আলী বাদী হয়ে ভাগনে আবু বকর সিদ্দিককে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।গত সোমবার বিকেলে শহরের ডেঙ্গু বেপারী রোডের বাসায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক মো. আজিজুল হকের স্ত্রী নুরুন্নাহার বেগমের (৭০) কাছে তাঁর মাদকাসক্ত ছেলে আবু বকর সিদ্দিক (৪৫) কিছু টাকা চান। তিনি টাকা না পেয়ে কাঠের ঠুকরো দিয়ে মায়ের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর থেকে ঘাতক আবু বকর সিদ্দিক পলাতক রয়েছেন।থানার পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, আবু বকর সিদ্দিক বেশ কয়েক বছর ধরে মাদকাসক্ত। আর দীর্ঘদিন ধরে মাদক সেবন করায় তাঁর স্ত্রী ছেলেমেয়ে নিয়ে বাপের বাড়িতে বসবাস করছেন। আর এসব কারণে তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন।নিহতের পরিবারের সদস্যরা আবু বকর সিদ্দিককে মানসিক রোগী দাবি করে বলেন, মানসিক ভারসাম্যহীন আবু বকর সিদ্দিক টাকা চেয়ে না পেয়ে হঠাৎ মায়ের মাথায় আঘাত করলে এই দুর্ঘটনা ঘটে।কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার জানান, ‘টাকা চেয়ে না পেয়ে উচ্ছৃঙ্খল মাদকাসক্ত আবু বকর সিদ্দিক কাঠের টুকরো দিয়ে মাথায় আঘাত করলে বৃদ্ধ মায়ের মৃত্যু হয়। পরিবারের লোকজন তাঁকে মানসিক রোগী দাবি করলেও আমাদের কাছে তা মনে হয়নি।’