মাদকাসক্ত বন্দীর চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে প্রতিদিন গড়ে ৬০ থেকে ৭০ জন নতুন বন্দী আসেন। এঁদের মধ্যে ১০ থেকে ১২ জন থাকেন মাদকাসক্ত। কিন্তু মাদকাসক্ত বন্দীদের চিকিৎসা ও কাউন্সেলিংয়ের জন্য কারা হাসপাতালে পৃথক বা বিশেষায়িত কোনো ওয়ার্ড নেই। অন্য বন্দীদের সঙ্গেই তাঁদের চিকিৎসা দেওয়া হয়। এ ছাড়া মাদকাসক্ত বন্দীদের জন্য কারাগারে পৃথক কোনো ওয়ার্ডও নেই। অন্য বন্দীদের সঙ্গে তাঁদের একই ওয়ার্ডে রাখা হয়।
১০০ শয্যার চট্টগ্রাম কারা হাসপাতালে গতকাল বৃহস্পতিবার ভর্তি ছিলেন ৯০ জন বন্দী। এর মধ্যে ২৭ জন মাদকাসক্ত বন্দী বলে জানান কারাধ্যক্ষ মোহাম্মদ মাহাবুবুল ইসলাম। তিনি বলেন, হাসপাতালে চিকিৎসকের পদ রয়েছে দুটি। কিন্তু প্রায় পাঁচ বছর ধরে মাত্র একজন চিকিৎসকের পদ খালি রয়েছে।
মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য বিশেষ কাউন্সেলিং দরকার বলে জানান চিকিৎসকেরা। কারাবন্দী মাদকাসক্ত ব্যক্তিদের জন্য এটি আরও বেশি জরুরি। কারা হাসপাতালে মাদকাসক্ত বন্দীদের জন্য বিশেষায়িত ওয়ার্ড থাকা দরকার বলে মনে করেন চট্টগ্রামের সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী। তিনি বলেন, মাদকাসক্ত বন্দীদের জন্য কারা হাসপাতালে বিশেষায়িত ওয়ার্ড এবং বিশেষজ্ঞ চিকিৎসক থাকলে খুব ভালো হতো। বিশেষায়িত ওয়ার্ড না হওয়া পর্যন্ত অন্য কোনো সরকারি হাসপাতাল থেকে সপ্তাহে এক দিন বা দুই দিনের জন্য বিশেষজ্ঞ চিকিৎসক এনে (অন কল) মাদকাসক্ত বন্দীদের কাউন্সেলিং করা যেতে পারে।
চট্টগ্রামের সিভিল সার্জনের এই বক্তব্যের সঙ্গে একমত সাবেক কারা উপমহাপরিদর্শক মেজর (অব.) শামসুল হায়দার সিদ্দিকীও। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মাদকাসক্ত বন্দীদের জন্য কারা হাসপাতালে পৃথক ওয়ার্ড না থাকলেও তাঁদের কাউন্সেলিংয়ের জন্য কারা কর্তৃপক্ষ চাইলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে।
গত সেপ্টেম্বর মাসে চট্টগ্রাম নগরের ১৬ থানায় মামলা হয়েছে ৪৯৯টি। এর মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনেই হয়েছে ২৮৫টি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা এসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৩৫৫ জনকে। এর মধ্যে অর্ধেকেরও বেশি আসামি মাদকাসক্ত বলে জানান চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য। তিনি বলেন, মাদকসেবনকারীদের অনেকে জামিনে বেরিয়ে এসে আবারও একই অপরাধে জড়িয়ে পড়েন। এ জন্য কারাগারে তাঁদের সঠিক কাউন্সেলিং ও চিকিৎসার ব্যবস্থা থাকা দরকার।
এ বিষয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মোহাম্মদ মাহাবুবুল ইসলাম বলেন, বেশির ভাগ ক্ষেত্রে মাদকসেবী বন্দীদের আগে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। কিছুটা সুস্থ হওয়ার পর তাঁদের সাধারণ ওয়ার্ডে রাখা হয়। অনেক বন্দীকে এক থেকে তিন মাস পর্যন্ত হাসপাতালে রেখে চিকিৎসা দিতে হয়। তিনি বলেন, বন্দীদের মাদকমুক্ত করতে কারাগারের ১০০টি ওয়ার্ডে ৫০০ জনের মনিটরিং (পর্যবেক্ষণ) কমিটি গঠন করা হয়েছে। শিক্ষিত ও সচেতন বন্দীরাই এই কমিটির সদস্য। তাঁরা মাদকের কুফলের বিষয়টি মাদকাসক্ত বন্দীদের কাছে তুলে ধরেন। এ ছাড়া কারা কর্মকর্তারাও মাদকের বিরুদ্ধে বন্দীদের সচেতন করতে কাজ করেন।
চট্টগ্রাম কারা হাসপাতালের চিকিৎসক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, কারাগারে প্রায় ৫ হাজার ৬০০ বন্দী রয়েছেন। প্রতিদিন গড়ে ২০০ বন্দীকে সেবা দিতে হয়। এর মধ্যে মাদকাসক্ত বন্দীদের আলাদাভাবে চিকিৎসা ও কাউন্সেলিং করতে হয়। মাদকাসক্ত বন্দীদের জন্য আসলে আলাদা একটি ওয়ার্ড দরকার। তাহলে আরও ভালোভাবে তাঁদের কাউন্সেলিং করা সম্ভব হবে।
মাদক মামলা ছাড়াও বিভিন্ন অপরাধে কারাগারে আসা বন্দীদের মধ্যে অনেক মাদকাসক্ত ব্যক্তি রয়েছেন বলে জানান চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি পরিদর্শক আইনজীবী পাপড়ি সুলতানা। তিনি বলেন, মাদকাসক্ত বন্দীর সংখ্যা বাড়ায় কারাগারে পৃথক মাদকাসক্ত নিরাময়কেন্দ্র কিংবা ওয়ার্ড খোলা জরুরি। জেলা প্রশাসনের বিভিন্ন সভায় এ দাবি উঠেছে বলে জানান তিনি।