মাদকাসক্ত ব্যক্তিকে ঘৃণা নয়, পাশে থাকুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলে নামকরা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন। চাকরি না করে ডুব দিয়েছেন মাদকে। মায়ের চোখে ঘুম নেই। ছেলেকে সর্বনাশা মাদকের গ্রাস থেকে বাঁচাবেন কী করে!
কোনো সমাধান না পেয়ে একদিন ছেলেকে নিয়ে হাজির হলেন প্রথম আলো মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভায়। সে কয়েক বছর আগের ঘটনা। তারপর থেকে তিনি নিয়মিত ছেলেকে নিয়ে আসছেন।
ঘটনাটি জানা গেল রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনকক্ষে বসে। আজ শনিবার প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে মাদকবিরোধী পরামর্শ সহায়তা-৭৮ এর আয়োজন করে প্রথম আলো ও প্রথম আলো ট্রাস্ট।
অনুষ্ঠানে মাদকাসক্ত ব্যক্তি একা বা অভিভাবকসহ সমস্যার ধরন অনুযায়ী পরামর্শ নেন। মাদকাসক্ত ব্যক্তি ও তার পরিবারের পরিচয় গোপন রেখে মনোরোগ বিশেষজ্ঞরা এই পরামর্শ সহায়তা দেন। বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত এ ব্যক্তিগত পরামর্শ সহায়তা চলে। এরপর শুরু হয় আলোচনা অনুষ্ঠান। এতে মনোরোগ বিশেষজ্ঞ, মাদকাসক্ত ব্যক্তি ও তার অভিভাবকেরা অংশ নেন।
অনুষ্ঠানে বিশেষজ্ঞরা বলেন, মাদকাসক্তি সম্পূর্ণ নিরাময়যোগ্য। সন্তান বা পরিবারের কোনো সদস্যের আচরণ সন্দেহ হলে দ্রুত মনোরোগ চিকিৎসকের কাছে নিয়ে আসতে হবে ও পূর্ণ চিকিৎসা নিতে হবে। দুই, পরিবার ও বন্ধুদের মাদকাসক্তকে ঘৃণা না করে পাশে থাকতে হবে। তিন, পরিবারকে ধৈর্য রাখতে হবে। তবে, মাদকাসক্ত ব্যক্তিরও মাদক ছাড়ার দৃঢ় ইচ্ছা থাকতে হবে। পাশাপাশি কোনোভাবেই আর মাদক গ্রহণ চলবে না।
তাঁরা আরও বলেন, যেসব স্থানে গেলে বা বন্ধুদের সঙ্গে মিশলে মাদক গ্রহণের ইচ্ছা হয়, সেসব সম্পূর্ণভাবে বাদ দিতে হবে। অভিভাবককে সন্তানের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করতে হবে; যাতে সন্তানেরা সমস্যা শেয়ার করতে পারে। পরিবারকে মাদকাসক্ত ব্যক্তিকে সার্বক্ষণিক নজরে রাখতে হবে। সর্বোপরি, এটাকে একটি রোগ হিসেবে বিবেচনা করতে হবে; যার চিকিৎসা দরকার।
+৮৮০১৭১৬২৪২২১৫ নম্বরে যোগাযোগ করে অথবা অনুষ্ঠানে সরাসরি হাজির হয়েও বিনা মূল্যে এই সেবা নেওয়া যায়। প্রথম আলো ট্রাস্টের কর্মসূচি ব্যবস্থাপক ফেরদৌস ফয়সালের সঞ্চালনায় এতে মনোরোগ বিশেষজ্ঞ সিফাত-ই-সাইদ, মনোরোগ চিকিৎসক ফারজানা রহমান, মো. জিল্লুর রহমান খান, মেখলা সরকার ও যোবায়ের মিয়া রোগীদের পরামর্শ দেন।