মাদকাসক্ত ভাইয়ের বঁটির কোপে ভাই খুন
রাজধানীর মিরপুরের পাইকপাড়ায় গতকাল বুধবার মাদকাসক্ত ছোট ভাইয়ের বঁটির কোপে মহিউদ্দিন (২৪) নামের এক যুবক খুন হয়েছেন। তিনি বেনারসি শাড়ির কারচুপি শ্রমিক ছিলেন। এ ঘটনায় পুলিশ ছোট ভাই হযরত আলীকে গ্রেপ্তার করেছে।
মিরপুর থানার পুলিশ ও নিহত মহিউদ্দিনের পারিবারিক সূত্র জানায়, মহিউদ্দিন সপরিবারে ৪৫৩ দক্ষিণ পাইকপাড়ায় থাকতেন। তাঁর ছোট ভাই হযরত আলী গাঁজা সেবন করতেন। গতকাল সকালে এলাকাবাসী হযরত আলীর বিরুদ্ধে প্রকাশ্যে মাদকসেবনের অভিযোগ করেন। এতে মহিউদ্দিন তাঁদের সামনেই ছোট ভাইকে বকাঝকা করলে তিনি ভাইয়ের ওপর ক্ষিপ্ত হন। এর জের ধরে বেলা সাড়ে তিনটার দিকে হযরত আলী বঁটি দিয়ে মহিউদ্দিনের গলায় কোপ দেন। রক্তাক্ত অবস্থায় মহিউদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি মারা যান। তাঁর বাবার নাম আবদুল হক।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় পাইকপাড়া থেকে মাদকাসক্ত হযরত আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে থানায় হত্যা মামলা হয়েছে।