মাদকাসক্ত ভাইয়ের বঁটির কোপে বড় ভাই খুন
রাজধানীর পাইকপাড়ায় হযরত আলী নামের এক মাদকাসক্ত যুবকের বঁটির কোপে তাঁর আপন বড় ভাই নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মহিউদ্দিন (২৪)।
আজ বুধবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মহিউদ্দিনের মৃত্যু হয়।
মহিউদ্দিন বেনারসি পল্লিতে শাড়ির শ্রমিক হিসেবে কাজ করতেন। পুলিশ হযরত আলীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা যায়, মহিউদ্দিন সপরিবারে ৪৫৩ দক্ষিণ পাইকপাড়ায় থাকতেন। তাঁর ছোট ভাই হযরত আলী গাঁজাসেবী।
আজ সকালে এলাকাবাসী মহিউদ্দিনের কাছে হযরতের বিরুদ্ধে প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগ করেন। এ সময় তাঁদের সামনে হযরতকে শাসিয়ে বাসায় চলে যান মহিউদ্দিন। এতে হযরত তাঁর ভাইয়ের ওপর ক্ষিপ্ত হন। এর জের ধরে বেলা সাড়ে তিনটার দিকে তিনি বঁটি দিয়ে মহিউদ্দিনের গলায় কোপ দেন। রক্তাক্ত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মহিউদ্দিন মারা যান।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান প্রথম আলোকে বলেন, পাইকপাড়া থেকে হযরত আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে থানায় হত্যা মামলা হয়েছে।