মাদকাসক্ত ভাইয়ের হাতে বোন খুন
ময়মনসিংহের ভালুকা উপজেলায় গতকাল সোমবার ‘মাদকাসক্ত’ ভাইয়ের হাতে ছোট বোন আমেনা খাতুন (১৪) খুন হয়েছে। নিহত আমেনা হালুয়াঘাট উপজেলার আকন্দপাড়া গ্রামের বাদশা মিয়ার মেয়ে।
এর আগে রোববার রাতে জেলার ঈশ্বরগঞ্জে যৌতুকের টাকা দিতে রাজি না হওয়ায় সাবিকুন নাহার (২৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের বিবরণ অনুযায়ী, বাদশা মিয়া ভালুকার মাস্টারবাড়ী এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন। এ সুবাদে পরিবার নিয়ে তিনি ওই এলাকায় বাস করেন। তাঁর ছেলে রুবেল (১৭) মাদক সেবন করে। রুবেল নেশা করার জন্য গতকাল সকাল ১০টার দিকে ছোট বোন আমেনার কাছে টাকা চায়। আমেনা টাকা দিতে রাজি না হওয়ায় তাকে বসতঘরে নিয়ে হাত-পা বেঁধে মারধর করে। একপর্যায়ে কাপড় কাটার কাঁচি ও বঁটি দিয়ে গলায় কয়েকটি কোপ দেয়। খবর পেয়ে বাদশা মিয়া বাড়িতে এলে তাঁকেও বঁটি দিয়ে কুপিয়ে আহত করা হয়। গুরুতর আহত অবস্থায় আমেনাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আমেনাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসী রুবেলকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
ঈশ্বরগঞ্জের তারুন্দিয়া ইউনিয়নের কোনাপাড়া গ্রামের সুজন মিয়ার (২৮) সঙ্গে পাঁচ বছর আগে পাশের গোপালপুর গ্রামের সলিম উদ্দিনের মেয়ে সাবিকুন নাহারের বিয়ে হয়। বিয়ের পর নানা অজুহাতে দুই লাখ টাকা ও পাঁচ শতক জমি নেন সুজন। এক মাস ধরে ব্যবসা করার কথা বলে ফের এক লাখ টাকা দাবি করেন সুজন। এ নিয়ে স্ত্রীর সঙ্গে প্রায়ই তাঁর ঝগড়া হতো। গত রোববার সকালে সাবিকুন নাহারের পরিবারের কাছে মুঠোফোনে দুই দিনের মধ্যে এক লাখ টাকা চান সুজন। এ টাকা দিতে অস্বীকৃতি জানানোর পর থেকেই সাবিকুন নাহারের ওপর নির্যাতন শুরু হয়।
নিহতের ভাই এরশাদ মিয়া বলেন, ‘টাকা দিতে না চাওয়ায় রোববার রাতে আমার বোন সাবিকুন নাহারকে পিটিয়ে হত্যা করেন সুজন। কিন্তু রাত ১০টার দিকে খবর দেওয়া হয় সাবিকুন নাহার আত্মহত্যা করেছেন। এতে সন্দেহ হওয়ায় এবং প্রতিবেশীদের কাছে মারধরের কথা শুনে রাত ১২টার দিকে থানায় খবর দেওয়া হয়।’
ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক মাসুদ জামেলী জানান, রাতেই সাবিকুন নাহারের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। গতকাল সকালে ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।