মাদকাসক্ত যুবককে পুলিশে দিল পরিবার, ছয় মাসের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভা এলাকায় আজ রোববার শাহিন মণ্ডল (২৭) নামের এক যুবককে পুলিশে তুলে দিয়েছে পরিবার। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
শাহিন রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার দেওয়ানপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বড় ভাই নুরাল মণ্ডল সাংবাদিকদের বলেন, শাহিন রিকশাচালক। তিনি দুই সন্তানের বাবা। কিন্তু দুই বছর ধরে তিনি হেরোইনসহ অন্যান্য মাদকে আসক্ত হয়ে পড়েন। রোজগারের সিংহভাগ টাকা তিনি নেশার পেছনে ব্যয় করতে থাকেন। এতে সংসারে অশান্তির সৃষ্টি হয়। এ নিয়ে স্ত্রী কিছু বললে তাঁর ওপর তিনি শারীরিক নির্যাতন চালাতেন। উপায় না দেখে আজ সকালে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে পুলিশ তাঁকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ ঘোষ সাংবাদিকদের বলেন, শাহিনকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।