মাদকাসক্ত যুবককে পুলিশে দিল পরিবার, ছয় মাসের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বাহির চর দৌলতদিয়া গ্রামে আজ মঙ্গলবার সবুজ কাজী (২০) নামের এক যুবককে পুলিশে সোপর্দ করেছে পরিবার। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
সবুজের পরিবার জানায়, সবুজ দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজা সেবন করে আসছিলেন। তিনি টাকার জন্য পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাতেন এবং ঘরের প্রয়োজনীয় গৃহসামগ্রী ভাঙচুর করতেন। এতে অতিষ্ঠ হয়ে আজ ভোরে পরিবারের লোকজন তাঁকে পুলিশে সোপর্দ করেন। পরে সকাল সাড়ে নয়টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ ঘোষ তাঁকে কারাদণ্ড দেন।
গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, সবুজকে কারাগারে পাঠানো হয়েছে।