মাদকাসক্ত যুবকের পিটুনিতে মা আহত, কারাদণ্ড
রাজশাহীর বাগমারায় মাদক কেনার টাকা না দেওয়ায় এক যুবকের বিরুদ্ধে তাঁর মাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত গতকাল সোমবার ওই যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন।
দণ্ড পাওয়া আশরাফুল ইসলাম (৩২) উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার পাহাড়পুর গ্রামের শুকুর আলীর ছেলে।
আশরাফুলের মা সুফিয়া বেগম বলেন, আশরাফুল ইসলাম কয়েক মাস আগে মাদকাসক্ত হয়ে পড়েন। তাঁকে সংশোধনের চেষ্টা করেও লাভ হয়নি। গতকাল সকালে ছেলে কেনার জন্য টাকা চায়। টাকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে গালিগালাজ শুরু করে। একপর্যায়ে লাঠি দিয়ে তাঁকে (সুফিয়া) পিটিয়ে জখম করে। বাড়ির অন্য সদস্যরা তাঁকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যান। সকাল ১০টার দিকে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ ঘটনা জানান।
পরে ইউএনও নাছরিন আক্তার থানা-পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পুলিশ পাহাড়পুর গ্রাম থেকে মাদকদ্রব্যসহ আশরাফুলকে আটক করে দুপুরে ইউএনওর কার্যালয়ে তাঁকে হাজির করে। ইউএনও নাছরিন আক্তার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আশরাফুলকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।