মাদকাসক্ত শনাক্তে ছাত্রলীগ নেতাদের রক্ত পরীক্ষা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ১২টি ইউনিয়নে ছাত্রলীগের নেতা-কর্মীদের মাদকাসক্তি শনাক্তের জন্য রক্ত পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে উপজেলার বড়খাতা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে গত সোমবার রাতে ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা ভাঙচুরের চেষ্টা চালান। কমিটি গঠন-প্রক্রিয়ায় যোগ্য প্রার্থীদের বাদ দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে কয়েকজন নেতা-কর্মী অভিযোগ করেন।
ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী জানান, হাতীবান্ধা উপজেলার প্রায় এক মাস ধরে ১২টি ইউনিয়ন, দুটি কলেজ ও দুটি উপকেন্দ্রে ছাত্রলীগ কমিটি গঠনের কাজ চলছে। ইতিমধ্যে উপজেলার বড়খাতা, সানিয়াজান, ফকিরপাড়া, নওদাবাস, ডাউয়াবাড়ী ও টংভাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠনের কাজ শেষ হয়েছে। এসব কমিটি গঠন সামনে রেখে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কমিটিতে স্থান পেতে আগ্রহীদের মাদকাসক্তি আছে কি না, তা প্রমাণের জন্য রক্ত পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়। বিষয়টি স্থানীয় সচেতন মহলসহ ছাত্রলীগের কারও কারও কাছে শুভ উদ্যোগ বলে মনে হলেও ছাত্রলীগের অনেক নেতা-কর্মী এটিকে যোগ্য প্রার্থীদের কমিটির বাইরে রাখার ষড়যন্ত্র বলে মনে করছেন। রক্ত পরীক্ষার মাধ্যমে মাদকাসক্তি নির্ণয়, পরিবারের রাজনৈতিক অবস্থানসহ বিভিন্ন বিষয় মাথায় রেখে সোমবার বড়খাতা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। ওই দিন রাতে কমিটিতে স্থান না পেয়ে ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুরের চেষ্টা চালান।
এ ব্যাপারে হাতীবান্ধা উপজেলার ছাত্রলীগের সভাপতি মো. তফিউজ্জামান বলেন, ‘ছাত্রলীগের কমিটিতে আসতে আগ্রহীদের মাদকাসক্তি আছে কি না, তা পরীক্ষা এবং অতীতের ছাত্রসংগঠন ও পরিবারের রাজনৈতিক ইতিহাস জানার উদ্যোগ নিয়েছি। এতে অনেকের ধন্যবাদ এবং হুমকি দুটোই পেয়েছি।’
মো. তফিউজ্জামান আরও বলেন, বড়খাতা ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ১২ জন প্রার্থী প্রতিযোগিতায় আগ্রহী হলেও মাদকমুক্ত থাকার সনদ চাইলে ছয়জন প্রার্থী নাম প্রত্যাহার করে নেন।