মাদকাসক্ত সন্তান কারাবন্দী হলেই শান্তি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ অভিভাবকেরা এখন পুলিশের শরণাপন্ন হচ্ছেন। বখে যাওয়া ছেলেদের পাঠাচ্ছেন কারাগারে। প্রতি মাসে ১৫ থেকে ২০ জন অপরাধীকে মাদকের মামলায় যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হচ্ছে। এদের মধ্যে অন্তত ১০ জন আসছে অভিভাবকের মাধ্যমে।মাদকাসক্ত বন্দীদের সংশোধনের জন্য কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনায় কারাভ্যন্তরে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র স্থাপন করা হয়েছে। মূলত এ খবর ছড়িয়ে পড়ায় অভিভাবকেরা তাঁদের মাদকাসক্ত সন্তানদের কারাগারে পাঠাতে বেশি আগ্রহী হয়ে উঠেছেন। কারাভ্যন্তরের এ নিরাময় কেন্দ্রে বর্তমানে ৭৩ জন মাদকাসক্ত বন্দী চিকিৎসা নিচ্ছে।সম্প্রতি কারাগারে গিয়ে কথা হয় মোহাম্মদ রাজুর (২৭) সঙ্গে। তাঁর বাড়ি বেনাপোল সীমান্তের তালসারি গ্রামে, যেখানে হাত বাড়ালেই মেলে মাদক। রাজু তাঁর বাবার মুদি দোকান থেকে টাকা চুরি করে তা দিয়ে ফেনসিডিল কিনে সেবন করতেন। একসময় বাবা বিষয়টি টের পেয়ে তাঁর দোকানে যাওয়া বন্ধ করে দেন। তখন রাজু পুরোপুরি মাদকাসক্ত। নেশার টাকা জোগাড় করতে মরিয়া হয়ে ওঠেন তিনি। টাকা না পেয়ে বাড়িতে ভাঙচুর, মা-বাবা-বোনকে গালিগালাজ, এমনকি মারপিটও করেছেন তিনি। সাড়ে তিন বছর এমন অত্যাচারের পর ১০ মাস আগে তাঁর বাবা বেনাপোল বন্দর থানার পুলিশের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠান। রাজুর বাবা মোহাম্মদ আলম প্রথম আলোকে বলেন, ‘শুনেছি, কারাগারের নিরাময় কেন্দ্রে রাজুকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’কারা কর্তৃপক্ষ সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে কারা হাসপাতালের চতুর্থ তলায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রটি খোলা হয়। কারা কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনায় এ নিরাময় কেন্দ্রে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। মাদকাসক্ত ব্যক্তিদের সেবার জন্য ১০ জন শিক্ষিত বন্দীকে প্রশিক্ষণ দিয়ে কেন্দ্রের সেবক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।নিরাময় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও কারাগারের সহকারী সার্জন মোজাম্মেল হক বলেন, ‘প্রথমে মাদকাসক্ত বন্দীদের আলাদা করে নিরাময় কেন্দ্রে নেওয়া হয়। নেশা উঠলে প্রাথমিকভাবে হাইড্রো থেরাপি (বারবার গোসল ও বেশি করে পানি খাওয়ানো) দেওয়া হয়। পরে লক্ষণ অনুযায়ী চিকিৎসাসেবা দেওয়া হয়। যারা দেহের রক্ত বিক্রির টাকায় মাদক সেবন করত, তাদের অবস্থা বেশি খারাপ। কারণ তারা রক্তশূন্যতায় ভোগে। মাদকের নেশা ছাড়তে তিন থেকে ছয় মাস সময় লাগে। তবে এ ক্ষেত্রে নিজের প্রবল ইচ্ছাশক্তি থাকতে হবে।’এক প্রশ্নের জবাবে কারাধ্যক্ষ মাসুদ পারভেজ জানান, গত আড়াই মাসে কত জন মাদকাসক্তকে অভিভাবকেরা কারাগারে পাঠিয়েছেন, এর সঠিক হিসাব বলা মুশকিল। তবে প্রতি মাসে অন্তত ১০ জন মাদকাসক্ত অভিভাবকদের মাধ্যমে নিরাময় কেন্দ্রে আসছে।জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক বজলুর রশীদ প্রথম আলোকে বলেন, কারাগার হচ্ছে সংশোধনের কেন্দ্র। অথচ বন্দীরা সংশোধন না হয়ে কারাগার থেকে বের হয়ে আরও বেপরোয়া হয়ে ওঠে। শুধু ডান্ডাবেড়ি পরিয়ে তাদের সংশোধন করা যায় না। কারাভ্যন্তরে পরীক্ষামূলকভাবে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রটি স্থাপন করা হয়েছে বলে জানান তিনি।