মাদকাসক্ত স্বামী ঝলসে দিয়েছে গৃহবধূর শরীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকাসক্ত স্বামীর ছোড়া গরম পানিতে ঝলসে গেছে বিলকিস বেগম (২৫) নামের এক গৃহবধূর শরীর। তিনি নীলফামারী সদর আধুনিক হাসপাতালে কাতরাচ্ছেন। সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের কানিয়ালখাতা গ্রামের নূর আলম গত রোববার সকালে এ ঘটনা ঘটান।গতকাল সোমবার সকালে হাসপাতালে গিয়ে মহিলা ওয়ার্ডের ২০ নম্বর বিছানায় বিলকিসকে কাতরাতে দেখা যায়। তিনি বলেন, স্বামী নূর আলমের সঙ্গে তিনি শহরের পাঁচমাথায় চায়ের দোকান করেন। প্রায় প্রতিদিন রাতে স্বামী মাদক গ্রহণ করে বাড়ি ফিরে তাঁর ওপর শারীরিক নির্যাতন চালান। রোববার সকালে বিলকিস প্রতিদিনের মতো দোকান খুলে বেচাকেনা শুরু করেন। এর মধ্যে দোকানে ভিড় জমে যায়। তাঁর একার পক্ষে চা তৈরি করে পরিবেশন করতে ও টাকা নিতে হিমশিম খেতে হয়। নূর আলম বেলা ১১টার দিকে ঘুম থেকে উঠে দোকানে আসেন। এ সময় বিলকিস বেগম দোকান সামলানোর কষ্টের কথা স্বামীকে জানান। এতে তিনি ক্ষিপ্ত হয়ে চুলায় থাকা গরম পানি বিলকিসের শরীরে ঢেলে দেন। এই পানিতে তাঁর ডান হাত ও কোমরের অংশের ডান পায়ের ওপর পর্যন্ত ঝলসে যায়। বিলকিসের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে নূর আলম পালিয়ে যান। এ সময় কয়েকজন তাঁকে হাসপাতালে নিয়ে যান।বিলকিস জানান, বিয়ের নয় বছরে তাঁদের দুটি ছেলেমেয়ে রয়েছে। এ ঘটনায় বিলকিস তাঁর স্বামীর বিচার দাবি করে বলেন, বিয়ের পর থেকে তিনি তাঁকে নির্যাতন করছেন। পাশাপাশি তাঁর স্বামী এখন মাদকাসক্ত হয়ে পড়েছেন।কুন্দুপুকুর ইউনিয়নের দক্ষিণ হারোয়া গ্রামের বাসিন্দা বিলকিসের বাবা জমর উদ্দিন বলেন, ‘নূর আলম প্রায়ই এমন কাজ করে। তার বিরুদ্ধে মামলা করা হবে।’ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফজলুল হক তানসেন বলেন, গরম পানি ঢেলে দেওয়ায় বিলকিসের শরীর ঝলসে গেছে। এখানে আলাদা বার্ন ইউনিট না থাকলেও তাঁর চিকিৎসা চলছে। সেরে উঠতে সময় লাগবে।