মাদকাসক্ত স্বামী-সন্তান নিয়ে দুর্বিষহ জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দালালকে এক হাজার টাকা দিয়ে ছোট ছেলেকে পুলিশে ধরিয়ে দিয়েছিলেন। ছোট ছেলে কারাগারে থাকা অবস্থায় কিছুদিন পরই আবার বড় ছেলেকে পুলিশে ধরিয়ে দেন। এর কয়েক দিন পরেই ছোট ছেলে কারাগার থেকে বেরিয়ে আসে। টাকার অভাবে আবারও তাকে কারাগারে পাঠানো সম্ভব হচ্ছে না। মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে দিতে হলে প্রতি মাসে সাত হাজার টাকা গুনতে হবে। সেটা আরও অসম্ভব। রাজশাহী নগরের তালাইমারী এলাকার এক মা এভাবেই তাঁর অসহায়ত্বের কথা জানলেন।

২ মে সকালে ওই মায়ের সঙ্গে কথা হচ্ছিল। তিনি বলেন, চার মেয়ের পর তাঁর দুই ছেলে। ছেলে দুটি তাঁদের অনেক আদরের। হঠাৎ তাঁর স্বামী মারা যাওয়ার পর তিনি ছেলে দুটিকে লেখাপড়া করাতে পারেননি। তাঁদের কাপড়ের ব্যবসা ছিল। ছেলে দুটি মাদকাসক্ত হয়ে পড়লে ব্যবসা বন্ধ হয়ে যায়। ছেলেদের ব্যাটারিচালিত অটোরিকশা কিনে দিয়েছেলেন, সেটিও শেষ। এখন দুই ভাই বেকার। বড় ছেলে বিয়ে করেছে, সন্তান আছে। ওই মা বলেন, ‘ছেলেদের হাজতে পাঠাতে খুব কষ্ট হয়। পথে পথে কেঁদে বেড়াই। মাছ-মাংস খেতে পারি না।’
রাজশাহীতে এমন সন্তান নিয়ে অনেক মা এবং এমন স্বামী নিয়ে অনেক স্ত্রী বিপাকে পড়েছেন। নেশার খরচ জোগাড় করতে করতে তাঁরা একেবারে নিঃস্ব হয়ে গেছেন। এখন টাকার অভাবে না পারছেন সন্তানদের চিকিৎসা করাতে, না পারছেন তাদের কারাগারে পাঠাতে। মাদকাসক্ত ব্যক্তিদের পরিবারের একাধিক সদস্য অভিযোগ করেছেন, পুলিশ সরাসরি কোনো মাদকাসক্ত ব্যক্তিকে নিতে চায় না। দালালের মাধ্যমে পাঠালে পুলিশ নেয়। এ জন্য কমপক্ষে এক হাজার টাকা দিতে হয়।
রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মাহাবুবুর রহমান বলেন, ‘মাদকাসক্তদের চিকিৎসার জন্য নিরাময় কেন্দ্রে পাঠাতে হবে। তাদের পুলিশের হাতে তুলে দেওয়ার তো কোনো নিয়ম নেই। কাউকে মাদক দ্রব্যসহ পেলে পুলিশ গ্রেপ্তার করতে পারে। কিন্তু ব্যাংকে টাকা রাখার মতো মাদকাসক্ত রোগীদের থানায় জমা দেওয়া যাবে না। এটা পুলিশের কাজ নয়। অনেক বাবা-মা তাঁদের সন্তানকে চুরি বা অন্য কোনো অপরাধের মামলায় চালান দেওয়ার জন্য পুলিশের কাছে নিয়ে আসেন। এটা একেবারে অনৈতিক।’
গত ২৬ এপ্রিল এই প্রতিবেদকের কাছে একটি ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে এক নারী করুণ কণ্ঠে বলেন, ‘একজন মাদকাসক্ত বাবা মাদকদ্রব্য কেনার জন্য সব বিক্রি করে দিচ্ছে। দালালের মাধ্যমে গেলে এক হাজার টাকা লাগবে। দয়া করে আপনারা যদি পুলিশ পাঠাতেন। সে এখন ঘরে বসেই মাদক সেবন করছে।’ বিষয়টি নগরের বোয়ালিয়া থানায় জানালে পুলিশ তাঁকে ধরে নিয়ে আসে।
কয়েক দিন আগে নগরের সাগরপাড়া এলাকায় এক মা স্কুলগামী ছেলের পিছু নেন। একপর্যায়ে তিনি দেখতে পান, স্কুলে না গিয়ে ছেলে একটি জায়গায় কয়েকজনের সঙ্গে মাদক সেবন করছে। দৃশ্যটি দেখার সময় এক মাদকসেবী তাঁর গলার সোনার চেইন ছিঁড়ে নিয়ে দৌড়ে পালায়। তিনি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে যান।
মাদকের ভয়াবহতার ব্যাপারে নগরবাসীকে সচেতন করার জন্য গত ২৮ এপ্রিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নগরের একটি রেস্তোরাঁয় এক কর্মশালার আয়োজন করে। ওই সভায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও অভিভাবকেরা বলেন, পুলিশ চাইলেই মাদক ব্যবসা বন্ধ হয়ে যাবে। পুলিশ মাদকের সরবরাহ বন্ধ করলে মাদকসেবীরা আর হাতের কাছে মাদক পাবে না।