মাদকাসক্ত স্বামীকে তালাক দিয়েও রেহাই পেলেন না রুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকাসক্ত স্বামীকে তালাক দিয়েও রেহাই পেলেন না গৃহবধূ রুবি বেগম (৩৫)। গত বৃহস্পতিবার রাতে মাদকাসক্ত স্বামী ইউসুফ আলী মিরপুরের পালপাড়ার বস্তিতে ঢুকে চাপাতি দিয়ে রুবিকে ক্ষতবিক্ষত করেছেন। সংকটজনক অবস্থায় রুবি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর মাদকসক্ত ইউসুফ আলী কোমরে চাপাতি গুঁজে মিরপুর ১ নম্বরের পালপাড়ার বস্তিতে ঢোকেন। রিকশাচালক ইউসুফ তাঁর সঙ্গে আবার ঘরসংসার করার জন্য রুবি বেগমকে রাজি করানোর চেষ্টা করেন। রুবি রাজি না হওয়ায় ইউসুফ কোমর থেকে চাপাতি বের করে তাঁদের সন্তান রবিন (৯) ও ঋষিতার (৩) সামনে রুবিকে একের পর আঘাত করতে থাকেন। রুবির চিত্কারে বস্তিবাসী এগিয়ে গেলেও কেউ ইউসুফকে আটক করতে পারেনি। একপর্যায়ে ইউসুফ পালিয়ে যান। হাসপাতাল সূত্র জানায়, চাপাতির আঘাতে রুবির কবজি প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। বেরিয়ে গেছে মাথার মগজ। চোখ বিভক্ত হয়ে গেছে। তাঁর সারা শরীরে রয়েছে চাপাতির কোপ। রাত পৌনে ১০টার দিকে স্বজনেরা রুবিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিত্সকেরা বলেছেন, তাঁর অবস্থা সংকটাপন্ন। রুবির বড় ছেলে রুবেল (১৯) কান্নাজড়িত কণ্ঠে জানান, মাদকাসক্ত বাবার নির্যাতনে অতিষ্ঠ হয়ে তাঁর মা দুই বছর আগে বাবাকে তালাক দেন। এরপর তাঁরা মিরপুর ১ নম্বরের পালপাড়া বস্তিতে ঘর ভাড়া নিয়ে সেখানে ওঠেন। তাঁর মা বস্তিতে খাবার রান্না করে বিভিন্ন মেসে তা বিক্রি করেন। আর তিনি নিজে একটি গার্মেন্টসে চাকরি করে চার সদস্যের পরিবারটি চালাচ্ছিলেন। রুরির ভাই বাবু জানান, রুবিকে তালাক দেওয়ার পর ইউসুফ আবার তাঁকে ফেরত নিতে দীর্ঘদিন ধরে বিরক্ত করে আসছেন। এ জন্য তাঁকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছিল। কিন্তু নির্যাতনের কথা মনে করে ইউসুফের সংসারে ফিরে যেতে রুবি রাজি হননি। গতকাল রুবেল গার্মেন্টসে থাকার সুযোগে মাদকাসক্ত ইউসুফ এই বর্বরতা চালান রুবির ওপর। এর আগে গত ১৩ ফেব্রুয়ারি তেজগাঁওয়ে মাদকাসক্ত সেলিম মিয়া স্ত্রী শিউলি বেগমকে কাচের আঘাতে ক্ষতবিক্ষত করেন।