মাদকাসক্ত স্বামীর শাবলের আঘাতে গৃহবধূর মৃত্যু
মাদক সেবনে বাধা দেওয়ায় মাদকাসক্ত স্বামীর শাবলের আঘাতে নূরজাহান বেগম (২৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১১টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামে এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ এলাকাবাসী ঘটনার পরপরই স্বামী আনিছুর রহমানকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় গৃহবধূর বাবা পাবনা জেলার ফরিদপুর উপজেলার নেথরাপাড়া গ্রামের নফেল উদ্দিন বাদী হয়ে আনিছুরের বিরুদ্ধে গতকাল শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) জিল্লুর রহমান জানান, আনিছুর দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাত ১১টার দিকে বাড়ির পাশের একটি আখড়ায় বসে গাঁজা সেবন করার সময় নূরজাহান সেখানে যান এবং স্বামীকে নেশা করতে বারণ করেন। তর্কাতর্কির একপর্যায়ে আনিছুর হাতের কাছে থাকা শাবল দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।পুলিশের উপস্থিতিতে আনিছুর বলেন, ‘ধর্মীয় কাজে বাধা দেওয়ায় রাগ সামাল দিতে না পেরে আঘাত করলে স্ত্রী মারা যায়। এ জন্য আমি দুঃখিত।’ সদর থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন জানান, আত্মস্বীকৃত খুনি আনিছুরকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।