মাদকাসক্ত স্বামীর হাতে গৃহবধূ খুন!
পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার সকালে বিউটি বেগম (২৮) নামে এক গৃহবধূর জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূর ছেলে ও প্রতিবেশীদের অভিযোগ, স্বামী বাশার খাঁ (৪০) বিউটিকে হত্যা করেছেন। গত বধুবার গভীর রাতে এ ঘটনা ঘটে।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, তিন-চার বছর আগে কাছিপাড়া গ্রামের কালু খাঁর বাড়িতে পার্শ্ববর্তী গলাচিপা চিকনিকান্দি গ্রামের ছালাম মোস্তান নামে এক ব্যক্তি আস্তানা গাড়েন। তিনি নিজেকে পীর দাবি করে লোকজনকে মুরিদ বানান এবং ওই বাড়িতে প্রায় রাতেই গাঁজার আসর বসান। কালু খাঁর ছেলে বাশার খাঁ একসময় তথাকথিত ওই পীরের মুরিদ হন এবং নিজেও গাঁজায় আসক্ত হয়ে পড়েন। বিউটি প্রায়ই এসবের প্রতিবাদ করতেন। এ নিয়ে স্বামী-স্ত্রীতে ঝগড়া হতো। একপর্যায়ে বাশার তাঁর স্ত্রীকে তথাকথিত পীরের মুরিদ বানাতে চান এবং তাঁদের আস্তানায় তাঁকে নিতে চাইলে বিরোধ চরমে পৌঁছে।নিহত বিউটির নয় বছর বয়সী ছেলে রাকিব জানায়, প্রকৃতির ডাকে সাড়া দিতে বুধবার রাতে সে তার মায়ের সঙ্গে বাইরে বেরোয়। এ সময় মাকে মারতে ছুটে আসেন তার বাবা। ভয়ে সে চিৎকার করে দৌড়ে ঘরে আশ্রয় নেয়। চিৎকার শুনে আশপাশের লোকজন এসে ঘরের পাশে তার মায়ের জবাই করা লাশ পড়ে থাকতে দেখে এবং পুলিশকে খবর দেয়।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শীলমণি চাকমা বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের পরই বাশার খাঁ ভণ্ড পীরসহ পালিয়েছেন। মামলার প্রস্তুতি চলছে।