প্রথম আলো ট্রাস্ট মাদকবিরোধী আন্দোলনের পরামর্শ–সহায়তা অনুষ্ঠানের ৫০তম আসর
মাদকাসক্তকে দূরে ঠেলে নয়, কাছে রেখে চিকিৎসা দিন

ভয়ংকর দুঃস্বপ্নের মতো বাস্তবতা আর তা থেকে মুক্তির জন্য প্রবল আত্মপ্রত্যয়ে বিজয়ী হওয়ার সংগ্রামের কাহিনি তাঁরা বলছিলেন একেক জন। মাদকের নাগপাশে জড়িয়ে পড়া সন্তান অথবা অত্যন্ত কাছের মানুষটির দিনের পর দিন মানবেতর হয়ে যাওয়ার কষ্টের কথা বলতে বলতে তাঁরা নিজেরা যেমন কেঁদেছেন, তেমনি চোখ ভিজে গেছে শ্রোতাদেরও। আবার সেই দুষ্টচক্র থেকে মুক্তি পাওয়ার অভিজ্ঞতার বর্ণনা করেছেন যাঁরা, তাঁদের কথায় আশায় বুক বেঁধেছেন যাঁরা চালিয়ে যাচ্ছেন মাদকাসক্তি থেকে মুক্তির একান্ত আপন সংগ্রাম।
রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে গতকাল শনিবার প্রথম আলো ট্রাস্ট মাদকবিরোধী আন্দোলন আয়োজিত মাদক নিয়ে পরামর্শ সহায়তা-৫০তম পর্ব উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের পরিবেশটাই ছিল এমন আনন্দ-বেদনায় অম্লমধুর৷
এক মা বলছিলেন তাঁর সন্তানের মাদকাসক্ত হওয়ার কথা৷ বললেন, তাঁর সন্তানের অবস্থা এমনই শোচনীয় হয়েছিল যে, সে যখন ঘর থেকে বেরিয়ে যেত, তখন তিনি কামনা করতেন যেন আর ফিরে না আসে। কাঁদতে কাঁদতে ওই মা বলছিলেন, ‘কখন একজন মা সন্তানের জন্য এ ধরনের দোয়া করেন, তা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন।’ তিনি বলেন, প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের ১৩তম পরামর্শ-সহায়তা অনুষ্ঠানের পর চিকিৎসকের কাছে যান। দুই বছর ধরে তাঁর সন্তান ভালো আছে। এ জন্য তিনি প্রথম আলোর জন্য দোয়া করেন।
আরেক যুবক মাদকাসক্তি থেকে মুক্তির অভিজ্ঞতার বর্ণনা দিয়ে বলেন, প্রেম ভেঙে যাওয়ায় মাদকাসক্ত হয়ে পড়েন তিনি৷ পড়াশোনা বন্ধ হয়ে যায়। পরিবারেও নেমে আসে কষ্ট আর চরম অশান্তি। ১০ বছর ধরে মাদকসেবী এই যুবক বলেন, তিনি এখন চিকিৎসার মাধ্যমে পুরোপুরি সুস্থ। এখন একটি সফটওয়্যার ফার্মে কাজ করেন। নিজের অভিজ্ঞতা বলছিলেন এই যুবক। মাদকাসিক্ত থেকে ফিরে আসার জন্য নিজের ইচ্ছাশক্তি ও পরিবারের সহায়তা বড় প্রয়োজন বলেও মনে করেন তিনি।
‘জীবনের জয়গান’ নামের এই আয়োজনটি ছিল অনেকটাই ঘরোয়া আঙ্গিকের৷ প্রথাগত কোনো সভাপতি, প্রধান বা বিশেষ অতিথি কেউ ছিলেন না৷ মাদকাসক্তদের পরিবারের সদস্য, বাবা, মা, বা মাদকাসক্ত নিজেই তাঁদের বিচিত্র করুণ অভিজ্ঞতার কথা খোলামেলা তুলে ধরেছেন৷ তাঁদের কথায় সৃষ্টি হয়েছিল আগেবময় পরিবেশ৷ হু হু করে কান্নায় ভেঙে পড়েছেন অনেকে৷ আবার মাদকের ছোবল থেকে ফিরে আসার অভিজ্ঞতা বর্ণনা করেছেন অনেকে৷ অনুপ্রেরণা দিয়েছেন একে অন্যকে এই সংগ্রাম চালিয়ে যেতে৷ এর ফঁাকে ফাঁকে একটু গান, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, প্রেরণা, বিশিষ্টজনদের বক্তব্য—সব মিিলয়ে হৃদয়ছোঁয়া পরিবেশ সৃষ্টি হয়েছিল আয়োজনটিতে৷
অনুষ্ঠানে শিল্পী, চিকিৎসক, শিক্ষকসহ বিভিন্ন পেশার মানুষ বক্তব্য দিতে গিয়ে বলেন, মাদক শুধু মাদকাসক্ত ব্যক্তিকেই ধ্বংস করে না, পরিবার ও সমাজকেও ধ্বংস করে। তাই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এর বিরুদ্ধে জয়ী হতে হবে। পরিবারের উচিত মাদকাসক্ত ব্যক্তিকে দূরে না সরিয়ে দিয়ে কাছে ডেকে চিকিৎসার ব্যবস্থা করা। যথাযথ চিকিৎসার মাধ্যমে মাদকাসক্ত ব্যক্তিকে ভালো করে তোলা সম্ভব৷
কিশোর-কিশোরীদের মাদক থেকে দূরে রাখা ও তরুণ সমাজকে মাদকমুক্ত করার লক্ষ্যে ২০০৩ সালের ১ মে যাত্রা শুরু হয় এ মাদকবিরোধী আন্দোলনের। প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী আন্দোলনের নিয়মিত কার্যক্রম হলো পরামর্শ-সহায়তা অনুষ্ঠান। প্রতি মাসে রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। ঢাকার বাইরেও পরামর্শ-সহায়তা হয়ে থাকে। গতকাল পরামর্শ-সহায়তা অনুষ্ঠানের সুবর্ণজয়ন্তী হওয়ায় বিশেষভাবে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হকের সঞ্চালনায় বক্তব্য দেন প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের উপদেষ্টা মনোরোগ চিকিৎসক মোহিত কামাল। প্রশাসনের উচ্চপর্যায়ের একজন কর্মকর্তার মেয়ের বাবার বকা খেয়ে প্রথমে ঘর থেকে বেরিয়ে যাওয়া এবং পরে ঘটনাচক্রে তাঁর মাদকাসক্ত হওয়ার কাহিনি তুলে ধরে তিনি বলেন, সন্তানদের সঙ্গে খোলামেলাভাবে বিভিন্ন বিষয়ে আলোচনা করতে হবে।
অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে গান গেয়ে শোনান সংগীতশিল্পী আসিফ আকবর, ইমরান ও নির্ঝর। একই সঙ্গে জাদু দেখান মৌসুমী৷
বক্তব্য দিতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘আমার মতে, সবচেয়ে বাজে অভিজ্ঞতা হলো মাদকাসক্ত হওয়া। আর সবচেয়ে কষ্টের অভিজ্ঞতা হলো মাদকাসক্তের পরিবারের সদস্য হওয়া।’ তিনি বলেন, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে।
মাদক নিরাময় কেন্দ্র আপনের নির্বাহী পরিচালক ব্রাদার রোনাল্ড ড্রাহোজাল বিভিন্ন অভিজ্ঞতার চিত্র তুলে ধরে বলেন, একবার একজন মা মাদকাসক্ত ছোট এক সন্তানকে নিয়ে আসেন। পরে একবার দেখা হলে দেখা যায় ৩০-৩৫ বছরের সুস্থ যুবকটি সেই ছেলে।
বিশিষ্ট প্লাস্টিক সার্জন সামন্তলাল সেন বলেন, ‘আমার যেন আর কোনো মেয়েকে অ্যাসিডের চিকিৎসা করতে না হয়, মোহিত কামালকে (মনোরোগ চিকিৎসক) যেন কোনো মাদকাসক্তের চিকিৎসা করতে না হয়—এ রকম দেশের স্বপ্ন দেখি।’
চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, মাদক কোনোভাবেই থামছে না। এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক তাজুল ইসলাম, সহকারী অধ্যাপক আহমেদ হেলাল, কেন্দ্রীয় মাদক পুনর্বাসন কেন্দ্রের প্রধান পরামর্শক সৈয়দ ইমামুল হোসেন, নৃত্যশিল্পী শিবলী মহম্মদ, শামীম আরা নীপা, টিভি ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার, গায়ক বিপ্লব, প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, চিকিৎসক ফারজানা রাবিন, মেখলা সরকার, ইকবাল মাসুদ, ইফতেখার আহমেদ চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান মাদকবিরোধী কর্মকাণ্ডসহ প্রথম আলোর বিভিন্ন ধরনের কার্যক্রমের চিত্র তুলে ধরেন। তিনি এ আয়োজনের সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এ উদ্যোগকে এগিয়ে নিতে সহায়তা কামনা করেন৷
শেষের দিকে অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের নির্বাহী সভাপতি সাইদুজ্জামান।