মাদকাসক্তকে পুলিশে দিলেন বাবা-মা
অত্যাচার সহ্য করতে না পেরে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন তার বাবা-মা। গত বুধবার বিকেলে ফুলবাড়ী পৌর এলাকার কাটাবাড়ী গ্রামের বাসিন্দা নিতাই চন্দ্র ও মাধবী রানী তাঁদের মাদকাসক্ত ছেলে নির্মল কুমারকে (৩০) আটক করার জন্য বাড়িতে পুলিশ ডেকে আনেন।নিতাই চন্দ্র বলেন, ‘আমার ছেলে নেশার টাকার জন্য বাবা-মায়ের গায়ে পর্যন্ত হাত দিচ্ছে। ইতিমধ্যে সংসারের অনেক জিনিস চুরি করে বিক্রি করে ফেলেছে। অতিষ্ঠ হয়ে তাকে পুলিশে দিতে বাধ্য হয়েছি।’মাধবী রানী বলেন, ‘অনেক দিন ধরে ছেলেটা হেরোইনের নেশা করে। নেশার জন্য টাকা না দিলেই ঘরের মালামাল ভাঙচুর করে, বকাঝকা করে। জেলে গিয়ে যদি ভালো হয়, এর জন্যই পুলিশের হাতে তুলে দিয়েছি।’ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরহাদ ইমরুল কায়েস বলেন, বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্মলকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও মো. মনিরুজ্জামান ওই সাজা দেন।