মাদকাসক্তদের টাকা পাওয়ার পথ বন্ধের আহ্বান
মাদকাসক্ত ব্যক্তিদের টাকা পাওয়ার পথ বন্ধ করতে হবে। যেসব স্থানে গেলে মাদকের কথা মনে পড়ে, সেসব জায়গায় যাওয়া বন্ধ করতে হবে। সর্বোপরি চিকিৎসকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে।
ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে গতকাল শনিবার বিকেলে প্রথম আলো ট্রাস্টের অধীনে পরিচালিত প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের উদ্যোগে মাদকবিরোধী পরামর্শ সহায়তা-৪৫ অনুষ্ঠানে বিশেষজ্ঞরা এসব কথা বলেন।
বক্তারা বলেন, মাদকাসক্ত বন্ধুদের সঙ্গ সম্পূর্ণভাবে ত্যাগ করতে হবে, মুঠোফোনের ব্যবহার নিষিদ্ধ করতে হবে, নিয়মিত ওষুধ খেতে হবে এবং সৃষ্টিশীল কাজের মধ্যে থাকতে হবে।
অনুষ্ঠানে মাদকাসক্ত ব্যক্তি ও তাদের অভিভাবকদের কাছ থেকে বিভিন্ন সমস্যা শুনে পরামর্শ দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মোহিত কামাল, সহকারী অধ্যাপক ফারজানা রহমান, মেখলা সরকার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সিফাত ই সাঈদ ও পাবনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মো. জোবায়ের মিয়া।
বক্তারা আরও বলেন, অনেকে মনে করেন মাদকাসক্ত ব্যক্তিকে বিয়ে করালে হয়তো তারা মাদক ছেড়ে দেবে, এ ধারণাটাও ঠিক নয়। বরং ধৈর্য নিয়ে চিকিৎসা করালে তারা সুস্থ হয়ে ওঠে।
প্রথম আলো ট্রাস্টের কর্মসূচি ব্যবস্থাপক ফেরদৌস ফয়সাল অনুষ্ঠান সঞ্চালনা করেন।