মাদকাসক্তদের নিয়ে উভয় সংকটে অভিভাবকেরা
‘এসব কথা কাউকে বলতে পারিনে। ঘরের ফ্যান, জানালা-দরজা খুলে বিক্রি করে দিয়েছে। আসবাবপত্র বিক্রি করে দিয়েছে। প্রতিদিন বাড়িতে অন্য ছেলে ও ছেলের বউদের সঙ্গে ঝগড়া করে। তাদের মারধর করে। না পেরে শেষ সম্বল নিজের ভিটেবাড়ি বিক্রি করে টাকা দিয়েছি। এভাবে বেঁচে থাকা যায় না। সর্বনাশা মাদক আমার সোনার ছেলেকে অমানুষ করেছে। দয়া করে ওকে কিছুদিন জেলে রাখার ব্যবস্থা করতে পারেন? তাহলে আমি শান্তিতে থাকতে পারতাম।’ সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার হারাধন বন্দ্যোপাধ্যায় গত বুধবার তাঁর বাড়িতে এ প্রতিবেদককে এসব কথা বলেন। শুধু হারাধন বন্দ্যোপাধ্যায়ই নন, সাতক্ষীরা শহর ও শহরতলির অনেক নেশাগ্রস্ত সন্তানের বাবার এখন এই আকুতি। সাতক্ষীরা শহরের মধুমোল্যারডাঙ্গী গ্রামের মনোয়ারা খাতুন মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরা সদর থানার বারান্দায় দাঁড়িয়ে কাঁদছিলেন। একপর্যায়ে পুলিশের এক উপ-পরিদর্শককে জড়িয়ে ধরে তিনি বলেন, ‘আমার একমাত্র ছেলে আল মামুন (২৬) হেরোইন আসক্ত হয়ে পড়েছে। ঘরে কিছু নেই, সব বিক্রি করে দিয়েছে। কয়েকবার জেলে দিয়েছি। জেল থেকে বের হয়ে আবার আগের অবস্থায় ফিরে যায়। দয়া করে বাবা আমার ছেলেটাকে ধরে একটা কঠিন মামলায় দিয়ে বেশি দিন জেলে রেখে দাও।’ সাতক্ষীরা শহরের ২০টি ধনাঢ্য ও শিক্ষিত পরিবারের প্রধানদের সঙ্গে আলাপ করে জানা গেছে, অধিকাংশ পরিবারের কোনো না কোনো সদস্য নেশাগ্রস্ত। নেশাগ্রস্ত সদস্য যাতে নেশার টাকার জন্য কোনো অপরাধে জড়িয়ে না পড়ে, এ জন্য পরিবার থেকে তাকে গোপনে নেশার টাকা জোগান দেওয়া হয়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসেম খান জানান, গড়ে প্রতিদিন দু-তিনজন অভিভাবক তাঁদের নেশাগ্রস্ত ছেলে, ভাই অথবা আত্মীয়স্বজনকে আটক করে জেলে রাখার অনুরোধ নিয়ে থানায় আসেন। প্রত্যেকের অনুরোধ রাখতে গেলে সাতক্ষীরার কারাগারে জায়গা থাকবে না। পুলিশ সুপার মনির-উজ-জামান জানান, সাতক্ষীরায় যেসব স্থানে মাদকদ্রব্য বিক্রি করা হচ্ছে, তা চিহ্নিত করে বিশেষ অভিযান চালানোর ব্যবস্থা করা হচ্ছে।