বগুড়া শহরে বিটিসিএলের ভূগর্ভস্থ ১৪ মিটার তার চুরি হয়েছে। এতে ভেঙে পড়েছে শহরের টেলিফোন সেবাব্যবস্থা।
শহরের ব্যস্ততম নিউমার্কেট ও বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত বড়গোলাসহ অন্তত ২৫টি এলাকার তিন হাজার টেলিফোন-সংযোগ গত বুধবার থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। পুলিশ বলছে, তার চুরি মাদকসেবীদের কাজ।
বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) বগুড়ার বিভাগীয় প্রকৌশলী (টেলিকম) মো. তাজুল ইসলাম জানান, বগুড়া শহরের পানিনিষ্কাশনের ভূগর্ভস্থ নালা (সুয়ারেজ ড্রেন) মিশেছে করতোয়া নদীতে। গত মঙ্গল ও বুধবার রাতে চোরের দল পৌরসভার নালা দিয়ে সুড়ঙ্গপথে ঢুকে বিটিসিএলের সাড়ে ১৪ মিটার তার কেটে নিয়ে গেছে। এতে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকার তিন হাজার টেলিফোন-সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পুনরায় সংযোগ স্থাপনে প্রায় দুই সপ্তাহ লেগে যাবে। বিজ্ঞপ্তি প্রচারের মাধ্যমে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি গ্রাহকদের জানানো হয়েছে। চোর শনাক্ত করতে বলা হয়েছে থানার পুলিশকে।
বগুড়ার পুলিশ সুপার (এসপি) মো. মোজাম্মেল হক বলেন, ‘পৌরসভার ওই নালা দিয়ে এর আগেও সুড়ঙ্গপথে ঢুকে হিরোইনসেবীরা একাধিকবার টেলিফোনের তার কেটে নিয়ে গেছে। এবারও মাদকসেবীরা বিটিসিএলের তার চুরি করে নিয়ে গেছে। চোর ধরতে পুলিশ মাঠে নেমেছে। কার্যত পৌরসভার নালার মুখটি করতোয়ার পাড়ে অরক্ষিত থাকায় চোরেরা বারবার সুড়ঙ্গপথে ঢুকে তার চুরি করছে।’
বিটিসিএলের বগুড়া বিভাগীয় কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী (টেলিফোন) নারায়ণ চন্দ্র সাহা জানান, চোরেরা ফতেহ আলী বাজারের কাছে নালার একপাশের দেয়াল ভেঙে পাশ দিয়ে টানা বিটিসিএলের ১২০০ পেয়ার, ৮০০, ৪০০, ২০০ পেয়ারসহ বিভিন্ন ধরনের প্রায় সাড়ে ১৪ মিটার তার চুরি করে। এতে শহরের নিউমার্কেট, চাঁদনীবাজার, বাদুড়তলা, নামাজগড়, টিনপট্টি, বড়গোলা, কালীতলা, শিববাটি, কাটনারপাড়া, কটন মিল, সরকারি মহিলা কলেজ এলাকা, বৃন্দাবনপাড়া, বিসিক, জয়পুরপাড়া, আটাপাড়া, উপশহর, মাটিডালি, ঠেঙ্গামারা, চারমাথা, গোদারপাড়া, এরুলিয়া বিমানবন্দর, হাকিরমোড়সহ অন্তত ২৫ এলাকার তিন হাজার গ্রাহকের টেলিফোন-সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
উপবিভাগীয় প্রকৌশলী জানান, ২০১০ সালের দিকে একই স্থানে ভূগর্ভস্থ তার চুরি যাওয়ায় কয়েক হাজার টেলিফোন-সংযোগ বিচ্ছিন্ন হয়েছিল। চুরির বিষয়টি বৃহস্পতিবার (গতকাল) সদর থানার পুলিশ ও জেলা পুলিশ সুপারকে লিখিতভাবে জানানো হয়েছে।
বগুড়ার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো. ফায়েজুর রহমান গতকাল বিকেলে জানান, সপ্তাহ খানেক আগেও একই স্থানে টেলিফোনের ভূগর্ভস্থ তার চুরি হয়েছিল। তাখন বড় কোনো ক্ষতি না হলেও বিষয়টি বিটিসিএলের পক্ষ থেকে লিখিতভাবে থানায় জানানো হয়েছিল। নতুন করে তার চুরি যাওয়ার ব্যাপারে এখনো থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহবুবর রহমান প্রথম আলোকে বলেন, ‘নালা দিয়ে ভেতরে ঢুকে এর আগেও চুরির ঘটনা ঘটেছে। তাই কেউ যাতে নালার ভেতর ঢুকতে না পারে, সে জন্য করতোয়া নদীর পাড়ে নালার মুখে গ্রিল দিয়ে লোহার বেড়া দেওয়া হয়েছিল। কিন্ত চোরেরা সেই গ্রিলও কেটে নিয়ে গেছে। পুলিশ ও বিটিসিএল চেষ্টা করলে চোরদের ধরা কঠিন কোনো কাজ নয়।’