মাদকাসক্তের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত
ফরিদপুরে মাদকাসক্ত মনিরের (৩৫) ছুরিকাঘাতে নিহত হয়েছেন ছোট ভাই হাবিব (২৫)। গতকাল রোববার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে আলফাডাঙ্গা উপজেলার কুশুমদি গ্রামে।এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, কুশুমদি গ্রামের আবু কাজীর বড় ছেলে মনির মোটরসাইকেলে ভাড়ায় লোক আনা-নেওয়া করতেন। এ কাজে তাঁর পরিচয় হয় মাদক ব্যবসায়ীদের সঙ্গে। একপর্যায়ে তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। এ নিয়ে স্ত্রী ও মা-বাবার সঙ্গে তাঁর প্রায়ই বচসা হতো। তাঁর অত্যাচার সইতে না পেরে স্ত্রী একমাত্র সন্তানকে নিয়ে ১১ আগস্ট বাড়ি ছেড়ে চলে যান। সম্প্রতি আবু কাজী একটি নতুন ঘর নির্মাণ করেন। এই ঘর কোন ছেলেকে দেবেন—এ নিয়ে মনির প্রায়ই বাবার সঙ্গে ঝগড়া করতেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সকালে আবু কাজী মনিরকে জানিয়ে দেন নতুন বানানো ঘরটি ছোট ছেলে হাবিবকে দেওয়া হবে। তিনি মনিরকে বলেন, ‘এ বাড়ির কোনো সম্পত্তি তোমাকে দেওয়া হবে না। তুমি বাড়ি থেকে বের হয়ে যাও।’বাবার মুখে এ কথা শুনে মাদকাসক্ত মনির ক্ষুব্ধ হয়ে বলেন, ‘আমি বাড়ি ছেড়ে যাব, তবে একা যাব না।’ এ কথা বলে তিনি একটি ধারালো ছুরি নিয়ে মা-বাবার সামনেই তাঁর ছোট ভাই হাবিবের বুকের ডানদিকে সজোরে আঘাত করে পালিয়ে যান। হাবিব তখন দাঁত খিলাল করছিলেন। দ্রুত আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল হক বলেন, এ ব্যাপারে মৃতের বাবা আবু কাজী বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।