মাদকাসক্তের নির্যাতনে স্ত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকাসক্ত স্বামীর নির্যাতনের শিকার এক গৃহবধূ মারা গেছেন। যৌতুকের দাবি করা এক লাখ টাকা না দেওয়ায় তাঁর ওপর নির্যাতন চলে। চার দিন হাসপাতালে থাকার পর শুক্রবার রাতে তাঁর মৃত্যু হয়। পুলিশ গতকাল শনিবার সকালে সুরতহাল প্রতিবেদন করে লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত গৃহবধূ লিপি আক্তার (৩৫) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালিয়াদহ গ্রামের আরজু সিকদারের স্ত্রী। ঘটনার পর থেকে আরজু পলাতক।
পুলিশ ও এলাকাবাসী জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালিয়াদহ এলাকার পাচু সিকদারের ছেলে আরজু সিকদারের সঙ্গে একই উপজেলার নাওলা গ্রামের হায়েত আলীর মেয়ে লিপি আক্তারের বিয়ে হয় আট বছর আগে। বিয়ের সময় যৌতুক হিসেবে স্বামী আরজু সিকদারকে ৩০ হাজার টাকা দেওয়া হয়। বিয়ের এক বছর ঘুরতে না ঘুরতেই লিপির ওপর নির্যাতন শুরু হয়। আরজু সিকদার মাদক সেবন করা থেকে শুরু করে জড়িয়ে পড়েন জুয়া খেলায়ও। এ জন্য বাড়িতে থাকা জমানো টাকা, স্বর্ণালংকার বিক্রি করে দেন।
পরে তিনি স্ত্রী লিপিকে তাঁর বাবার বাড়ি থেকে এক লাখ টাকা এনে দিতে বলেন। না হলে তাঁকে তালাক দেওয়ার হুমকি দেন। পরে লিপি আক্তার তাঁর বাবার কাছ থেকে সম্প্রতি ৫০ হাজার টাকা এনে দেন। কিন্তু এর পরও স্বামীর নানা অপমান আর অমানবিক নির্যাতন চলে।
আরজু সিকদার আরও দুটি বিয়ে করেছেন বলে লিপি জানতে পারেন। পরে এ বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ১৭ ফেব্রুয়ারি তাঁকে বেধড়ক পিটিয়ে আহত করে বাসায় ফেলে রাখেন আরজু। পরে তাঁকে এলাকাবাসীর সহায়তায় কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালে চার দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।
বিষয়টি মীমাংসা করতে একটি প্রভাবশালী মহল গৃহবধূর বাবার পরিবারকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
হাসপাতালের একজন সেবিকা জানান, চার দিন ধরে লিপির চিকিৎসা চলে। কিন্তু এই সময়ে তাঁর স্বামী বা স্বামীর বাড়ির কেউ তাঁকে দেখতেও আসেননি।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কুমর উদ্দিন জানান, তাঁর মেরুদণ্ডের হাড় ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করে ভেঙে ফেলা হয়েছে। তাঁর তলপেটসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে।
গৃহবধূর বাবা হায়েত আলী বলেন, ‘আরজু নিয়মিত নেশা করত, জুয়া খেলত। এগুলো নিয়ে লিপি প্রতিবাদ করায় ওকে পিটিয়ে মেরে ফেলেছে। মেয়ের সুখের জন্য কয়েক দফায় জামাইকে যৌতুক দিয়েছি।’
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) ছানোয়ার জাহান, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আরজু সিকদারকে দ্রুত গ্রেপ্তার করা হবে।