মাদকাসক্তের বঁটির কোপে ক্ষতবিক্ষত তিন শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকাসক্ত এক বখাটে যুবকের ধারালো বঁটির কোপে গত সোমবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার বেথুয়াজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষিকা গুরুতর আহত হয়েছেন। মুমূর্ষু অবস্থায় তাঁদের ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত শিক্ষিকারা হলেন মেহনাজ তানিয়া (৩০), আফরোজা পারভীন (৩৫) ও ডেইজী আক্তার (৩০)। তাঁদের মধ্যে মেহনাজ তানিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আরিফা বেগম জানান, সোমবার বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল শেষে বাইরে বের হয়ে আসামাত্র ওই এলাকার মাদকাসক্ত বখাটে কালা মিয়া অকস্মাৎ একটি বঁটি দিয়ে শিক্ষিকা মেহনাজ তানিয়াকে উপর্যুপরি কোপাতে থাকে। এ সময় আফরোজা পারভীন ও ডেইজী আক্তার তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে ওই যুবক তাঁদেরও কুপিয়ে আহত করে।প্রধান শিক্ষিকা আরও জানান, কয়েক মাস আগেও ওই বখাটে যুবক বিদ্যালয়ে গিয়ে শিক্ষিকাদের উত্ত্যক্ত করত। তখন স্থানীয় লোকজনের মাধ্যমে এর প্রতিবাদ করা হয়েছিল। এতে ক্ষুব্ধ হয়েই সে গতকালের হামলা চালিয়ে থাকতে পারে।মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। অপরাধীকে ধরার জন্য পুলিশি অভিযান চলছে।