মাদকে নিঃস্ব মাদকে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলায় মাদক সেবন করায় অনেক সচ্ছল ব্যক্তি নিঃস্ব হয়েছেন। নানা রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন অনেকে। গত ১০ বছরে এ উপজেলায় কমপক্ষে ৫০ জন মাদকাসক্ত ব্যক্তি মারা গেছেন। মাদকাসক্ত সদস্যদের কারণে উপজেলার কয়েক শ পরিবারের পথে বসার উপক্রম হয়েছে। বেড়া পৌর এলাকার মৈত্রবাঁধা মহল্লার কয়েকজন বাসিন্দা জানান, এই মহল্লার আবদুুল আউয়াল সচ্ছল ব্যবসায়ী ছিলেন। হেরোইনের নেশা তাঁর সচ্ছলতা কেড়ে নিয়েছে। নেশার টাকা জোগাড় করতে তিনি বসতভিটা, ঘরসহ সব আসবাবপত্র বিক্রি করে দেন। সবকিছু বিক্রি করা শেষ হয়ে গেলে তিনি নেশার টাকার জন্য এলাকায় সুইপারের কাজও করেন। নেশা করার কারণে নানা রোগে আক্রান্ত হয়ে তিনি বছর দুয়েক আগে মারা যান। তাঁকে দেখে তাঁর দুই ছেলেও মাদকাসক্ত হয়ে পড়ে। আবদুল আউয়ালের স্ত্রী হাসনা বেগম জানান, স্বামী আর সন্তানদের নেশার কারণে পুরোপুরি নিঃস্ব হয়ে তিনি ঢাকার এক বাসায় ঝিয়ের কাজ করছেন। খোঁজ নিয়ে জানা গেছে, মাদক সেবন করায় সানিলা গ্রামের তিন, দত্তকান্দি গ্রামের দুই, বনগ্রামের দুই, কাশীনাথপুরের এক, দক্ষিণপাড়ার তিন, সান্যালপাড়ার এক, মৈত্রবাঁধা এলাকার দুই ও প্রতাপপুরের দুইসহ কমপক্ষে ৫০ জন মারা গেছে। নগরবাড়ী ঘাট বণিক সমিতির সাধারণ সম্পাদক এ এম রফিকুল্লাহ বলেন, ‘গত প্রায় ১০ বছরে আমার ইউনিয়নে কমপক্ষে ১০ জন মাদকাসক্তের মৃত্যু হয়েছে। এ ছাড়া এলাকায় আরও অনেক মাদকাসক্ত রয়েছে।’সরেজেমিনে দেখা গেছে, উপজেলার করমজা, চতুরবাজার, কাশীনাথপুর, নগরবাড়ী, হাটুরিয়া, নাজিম বাজারসহ অন্তত ১৫টি স্থানে চলছে মাদকদ্রব্য কেনাবেচা। ১৫ অক্টোবর পুলিশ করমজা গ্রামে অভিযান চালিয়ে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার ও ৮৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। কিন্তু এর পরেও ওই এলাকায় মাদক ব্যবসা থেমে নেই। বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই সরকার বলেন, ‘আমি ইতিমধ্যে আটজন মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তকে ধরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করেছি। ব্যাপক অভিযান সত্ত্বেও উপজেলাকে পুরোপুরি মাদকমুক্ত করা যাচ্ছে না। এ জন্য সামাজিক সচেতনতা প্রয়োজন।’