মাদকে পরিবার ছারখার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেশার টাকা না পেয়ে মায়ের ওপর চড়াও হন ইলিয়াস হোসেন (২২)। এলাকায় ছোটখাটো চুরির ঘটনার সঙ্গেও তাঁর জড়িত থাকার অভিযোগ রয়েছে। ছেলের অত্যাচারে পরিবারে নেমে আসে অশান্তি। অবশেষে অশান্তির হাত থেকে বাঁচতে ছেলের বিরুদ্ধে মা রহিমা বিবি (ছদ্মনাম) নিজেই থানায় অভিযোগ করেন।
গত রোববার ইলিয়াসকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে পুলিশ। পরে আদালত তাঁকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেন। ঘটনাটি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ার গাড়িবেলঘরিয়া গ্রামের।
এলাকার অনেকে জানান, উপজেলার বিভিন্ন গ্রাম ও মহল্লায় মাদকসেবীরা নিরাপদে মাদক গ্রহণ করছেন। আগে প্রতি মাসে পুলিশ অভিযান চালিয়ে মাদক বিক্রেতা ও মাদকসেবীদের ধরে ভ্রাম্যমাণ আদালতে দিত। আদালত তাঁদের তাত্ক্ষণিকভাবে সাজা দিতেন। এতে মাদক গ্রহণ ও বিক্রি কমে গিয়েছিল। কিন্তু গত সাড়ে তিন মাসে তিনজন ছাড়া উল্লেখযোগ্য মাদক বিক্রেতা ও মাদকসেবী গ্রেপ্তার হয়নি। মাদক বিক্রেতারা থানায় নিয়মিত মাসোহারা দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নেশা করেন এমন কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা সদরের মেইল বাসস্ট্যান্ডে মাদক বিক্রেতা ফরিদ উদ্দিন, সরদারপাড়ায় মুনসুর, শুভ, রানা, লাবু, মামুন, থানা বাসস্ট্যান্ডে কানা মুনির, পুরাতন বাজার এলাকায় সন্তোষ মালী, মকবুল হোসেন, মহিলা কলেজ রাস্তা ও মণ্ডলপাড়ায় হানিফ, মহলদারপাড়ায় সুইট, কুণ্ডুপাড়ায় শহিদুল প্রাং, চম্পা বেগম, হুটু প্রাং, বোরাই ও পশ্চিম আলোহালীতে সেলিম উদ্দিন, বেলাল হোসেন, তালোড়া পৌর এলাকার রেলঘুমটিতে আক্কাছ আলী, রেলস্টেশনে তছলিম, সিরাজুল, মেঘা গ্রামে তাজ, রতন, তালোড়া আলতাফনগর রাস্তার দ্যামার পুকুরে মরিয়ম বিবি, পোড়াপাড়ায় এমদাদুল হক মাদক বিক্রির সঙ্গে জড়িত।
ক্রেতা সেজে মাদক বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা ভারতীয় ফেনসিডিল, ইয়াবা, গাঁজা, হিরোইন বিক্রি করেন। জয়পুরহাটের আক্কেলপুর হয়ে জিয়ানগর রাস্তা, ক্ষেতলাল হয়ে ধাপসুলতানগঞ্জ রাস্তা দিয়ে তাঁরা মোটরসাইকেল করে মাদক আমদানি করেন।
উপজেলা সদরের ব্যবসায়ী নূরুন্নবী (ছদ্মনাম) বলেন, ‘টাকাপয়সা থেকেও লাভ নেই। ছোট ছেলেটার (২৩) জন্য সমাজে মাথা তুলে কথা বলতে পারি না।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক রাজমিস্ত্রি বলেন, ‘ছেলেকে (৩৩) স্কুলে ভর্তি করে দিয়েছিলাম। কিন্তু সহপাঠীদের সঙ্গে মিশে সে নেশার জগতে জড়িয়ে পড়ে। বৃদ্ধ বয়সে নিজের পরিবারের সঙ্গে ছেলের পরিবারের খরচ দিতে হয়। ওর এক ছেলে ষষ্ঠ শ্রেণীতে পড়ে।’ ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া ওই ছেলে জানায়, সে নেশাকে ঘৃণা করে। সহপাঠীরা তার বাবার নেশার কথা বলে মাঝেমধ্যেই তিরস্কার (খোটা) করে।
তবে দুপচাঁচিয়া থানার ওসি রিয়াজ উদ্দিন আহম্মেদ মাদক বিক্রেতার কাছ থেকে মাসোহারা নেওয়ার কথা অস্বীকার করে বলেন, ‘থানায় যে সংখ্যক জনবল তা দিয়ে গত সাড়ে তিন মাসে হরতাল-অবরোধ ও নাশকতা ঠেকাতে হয়েছে। এখন প্রতিদিন অভিযান চলছে।’
ইউএনও সাইফুর রহমান খান বলেন, ‘মাদকমুক্ত রাখতে শুধু প্রশাসনকে দায়ী করলে হবে না। অভিভাবকদের সচেতন হতে হবে।’