এক বছরে দিনাজপুরের এক ওয়ার্ডে মাদকসেবী ২০ যুবকের মৃত্যু
মাদকে প্রিয়জন হারানোদের বিক্ষোভ মিছিল
দিনাজপুর শহরের ৮ নম্বর ওয়ার্ডে মাদকের ব্যাপক বিস্তারে প্রিয়জন হারানো ও ভুক্তভোগী মানুষেরা গতকাল মঙ্গলবার বিক্ষোভ মিছিল করে মাদক নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন। পরে তাঁরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং মাদক বিক্রি বন্ধের দাবিতে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে অভিযোগপত্র ও স্মারকলিপি দেন।
গতকাল সকাল সাড়ে ১০টায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শেখপুরা, দক্ষিণ বালুবাড়ী ও ঢাকাইয়াপট্টি রেললাইনপাড়ার তিন মহল্লার বাসিন্দারা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। তাঁরা এলাকা থেকে মাদক ব্যবসা বন্ধের দাবিতে স্লোগান দেন। সেই সঙ্গে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার এবং মাদক বিক্রি বন্ধের দাবি জানান। পরে মিছিলকারীরা জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে এ-সংক্রান্ত অভিযোগপত্র ও স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে বলা হয়, গত এক বছরে মাদকাসক্ত ২০ জন তরুণের মৃত্যু হয়েছে। অনেকে মৃত্যুর অপেক্ষায় ধুঁকছে। শত শত যুবক ও কিশোর আসক্ত। মাদকসেবী সন্তানের অত্যাচার সহ্য করতে না পেরে অভিভাবকেরা বাধ্য হয়ে তাদের পুলিশের হাতে তুলে দিচ্ছেন।
লিখিত অভিযোগে বলা হয়, বালুবাড়ী লাইনপাড়ার পারুল বেগম, সিদ্দিকের মা ভাণ্ডারী, আলী ও আলীর স্ত্রী, মনজুর আলী, আমিনুল ইসলামসহ অনেকে প্রকাশ্যে এলাকায় মাদক ব্যবসা চালান। বাধা দিতে গিয়ে এসব মাদকবিক্রেতার দায়ের করা মিথ্যা মামলায় অনেক প্রতিবাদকারী হয়রানির শিকার হচ্ছেন।
মিছিলে থাকা মোছা. ফুলবাহার (৬৫) নামের এক নারী প্রথম আলোকে বলেন, তাঁর নাতি সাইদুলের বয়স মাত্র ১২ বছর। থামাতে না পেরে দুই মাস আগে তাকে পুলিশে দিয়েছেন।
জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী ৮ নম্বর ওয়ার্ডবাসীর স্মারকলিপি ও অভিযোগপত্র পাওয়ার কথা স্বীকার করে বলেন, ওই এলাকা থেকে মাদক প্রতিরোধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সুপার মো. রুহুল আমিন বলেন, মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে পুলিশকে হিমশিম খেতে হয়। মাদক প্রতিরোধে এলাকাবাসীর এভাবে সচেতন হওয়াটা আশাব্যঞ্জক। ওই এলাকায় মাদক প্রতিরোধে পুলিশ ও র্যাব অবিলম্বে সাঁড়াশি অভিযান চালাবে বলে জানান তিনি।