জামালপুরের মাদারগঞ্জে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় নারীসহ ১২ জনকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে জামালপুর জেনারেল হাসপাতালে এবং গুরুতর আহত অবস্থায় সাতজনকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, মাদারগঞ্জ থানার কাছে বাকুরচর গ্রামের আলালের নেতৃত্বে সাত-আটজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। সম্প্রতি টুলি বেগম নামের এক মাদক সরবরাহকারীকে এলাকাবাসী পুলিশে ধরিয়ে দিলে ভ্রাম্যমাণ আদালত তাঁকে তিন হাজার টাকা জরিমানা করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে গতকাল শুক্রবার সকালে আলালের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হঠাৎ প্রতিবেশী আবদুল মজিদ, ছইমুদ্দিন ও ফেকুর বাড়িতে হামলা চালিয়ে তাঁদের বাড়ি থেকে বের করে দেয়। পরে তারা বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাট করে। এ সময় বাধা দিতে গেলে তারা আবদুল মজিদ, ফেকু বেগম, মুকুল মিয়া, লাঞ্জু মিয়া, জগলু মিয়া, জিয়াউল হক, এনোরা বেগম, সজিমন নেছা ও আমেনা বেওয়াকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এঁদের মধ্যে গুরুতর জখম আবদুল মজিদ ও আমেনা বেওয়াকে জামালপুর জেনারেল হাসপাতালে এবং অন্যদের মাদারগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।