মাদকের কারণে সুনাম ক্ষুণ্ন হচ্ছে কক্সবাজারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক শুধু একটা পরিবার নয়, পুরো সমাজকে ধ্বংস করে দিচ্ছে। ইয়াবা বড়িসহ মাদকের কারণে পর্যটন শহর কক্সবাজারের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। গতকাল বুধবার কক্সবাজারের মহেশখালী ডিগ্রি কলেজ মিলনায়তনে মাদকবিরোধী সমাবেশে এসব কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল কালাম।
কক্সবাজার জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের আয়োজনে এ সমাবেশ হয়। ইউএনও শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘ধূমপানকে না, মাদককে না’।
সমাবেশে সহকারী কমিশনার (ভূমি) মো. নোমান হোসেন বলেন, ‘কক্সবাজার শহরে হাত বাড়ালেই মেলে মাদক। কিন্তু এ নিয়ে জনগণ সচেতন না হওয়া পর্যন্ত সমাজকে মাদকমুক্ত করা সম্ভব নয়।
মাদকবিরোধী সমাবেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজারের সহকারী পরিচালক সুবোধ কুমার বিশ্বাস বলেন, এ দেশে কোনো মাদক উৎপাদন হয় না। কিন্তু দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য মিয়ানমার থেকে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক আসছে। মাদকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতে হবে।
মহেশখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন, মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দিদারুল ফেরদাউস, আওয়ামী লীগ নেতা এম আজিজুর রহমান, সাবেক পৌর মেয়র সরওয়ার আজম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ধনঞ্জয় চন্দ্র দেবনাথ ও মহেশখালী ডিগ্রি কলেজের অধ্যাপক আশিস চক্রবর্তী প্রমুখ।
সমাবেশের আগে মাদকবিরোধী বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।