মাদকের কুফল সম্পর্কে শিশুদের সচেতন করার তাগিদ

মাদকের ছোবল থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে মা-বাবাসহ পরিবারের সব সদস্য, শিক্ষক—সবাইকে সচেতন হতে হবে। শিশু-কিশোরদের মধ্যে মাদকের কুফল সম্পর্কে ধারণা সৃষ্টি করার পাশাপাশি তাদের চেতনায় মাদকবিরোধী ভাবনাচিন্তা সৃষ্টি করে দিতে হবে।
গতকাল রোববার এক্সিম ব্যাংক-কিআ মাদকবিরোধী স্টিকার ডিজাইন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। প্রথম আলো ট্রাস্ট মাদকবিরোধী আন্দোলনের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রথম আলো ট্রাস্টের প্রধান পরিচালন কর্মকর্তা আজিজা আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কিশোর আলো (কিআ) সম্পাদক ও প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক।
অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক আবুল বারক আলভী বলেন, মাদকবিরোধী আন্দোলনের মতো সামাজিক আন্দোলনগুলোতে সবার সহযোগিতা ও অংশগ্রহণ প্রয়োজন। শিশু-কিশোরদের সচেতন করার ওপর গুরুত্ব দেন তিনি।
বিশেষ অতিথি ছিলেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হায়দার আলী মিয়া। প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম প্রতিষ্ঠানের সামাজিক আন্দোলনগুলোর বিষয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রথম আলো ট্রাস্ট মাদকবিরোধী আন্দোলনের উপদেষ্টা মনোরোগ চিকিৎসক মোহিত কামাল, সংগীতশিল্পী তপন চৌধুরী, ক্রিকেটার ইমরুল কায়েস প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস সামনে রেখে শিশু-কিশোরদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্টিকার ডিজাইন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সারা দেশ থেকে তিন শতাধিক ডিজাইন জমা পড়ে। সেখান থেকে প্রাথমিক বাছাই করেন শিল্পী অশোক কর্মকার, মাসুক হেলাল ও নিয়াজ চৌধুরী। পরে চূড়ান্ত বিজয়ীদের নির্বাচন করেন প্রধান বিচারক শিল্পী ওয়াকিলুর রহমান। বিচারকদের বিবেচনায় প্রথম হয়েছে ঢাকার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী সাবিহা মাহবুব মাহী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে বরিশাল লিটল স্কলার স্কুলের ফারিহা ফালাক ও দিনাজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মুক্ত বিহঙ্গ দত্ত।
তিন বিজয়ী পুরস্কার হিসেবে এক্সিম ব্যাংকের সৌজন্যে পেয়েছে যথাক্রমে ১৫ হাজার, ১০ হাজার ও ৫ হাজার টাকার বই। এ ছাড়া প্রত্যেকেই এক বছর কিশোর আলো পাবে বিনা মূল্যে।