কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ মিলনায়তনে গতকাল শুক্রবার প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে দিনব্যাপী মাদকবিরোধী বন্ধুমেলা অনুষ্ঠিত হয়। বন্ধুদের সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের পর বন্ধুমেলার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ দীপক কুমার নাগ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিভিল সার্জন দীন মোহাম্মদ, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রবীন্দ্রনাথ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) মো. নূরুজ্জামান, বন্ধুসভা জাতীয় পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন, প্রমুখ। উপস্থিত তরুণদের উদ্দেশে বক্তারা বলেন, ‘জীবন আনন্দময়। মাদক ছাড়াও বিভিন্ন সুস্থ উপায় আছে জীবনকে আনন্দময় করে তোলার জন্য। তোমরা আনন্দময় সেসব উপায় খুঁজে নাও। মাদক কোনো কিছুর সমাধান নয়, বরং সমস্যা।’ অনুষ্ঠানে উপস্থিত চার শতাধিক তরুণ হাত তুলে শপথ করেন, ‘মাদকের মরণ ছোবলে আমাদের তারুণ্যকে ধ্বংস হতে দেব না।’ দিনব্যাপী অনুষ্ঠানে তরুণেরা উপভোগ করে নাচ, গান, আবৃত্তি, কৌতুক, অভিনয়, জারিগান, সম্মিলিত ছড়া, মাদকবিরোধী কনসার্ট ইত্যাদি।