মাদকের ছোবলে নীল কিশোরগঞ্জ শহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ শহরের তারাপাশা মনিপুরিঘাট, নিউটাউন, বয়লা, কলাপাড়া, গাইটাল প্রভৃতি এলাকার নাম শুনলেই অভিভাবকেরা উৎকণ্ঠার মধ্যে পড়েন। কারণ এসব এলাকায় হেরোইন, গাঁজা, ফেনসিডিল, পেথিডিনসহ নানা ধরনের মাদকদ্রব্য অবাধে বিক্রি হয়। সংঘবদ্ধ শক্তিশালী চক্র এসব স্থানে বেশ সক্রিয়। এ চক্রের বিরুদ্ধে কথা বলতে এলাকাবাসী ভয় পান। গত পাঁচ বছরে সর্বনাশা নেশার বলি হয়েছেন এ শহরের অন্তত ১৫ যুবক। তাঁদের মধ্যে রথখলা এলাকার কৃতী ফুটবলার শাহজাহান (৩২), রিয়াদ (২২), খরমপট্টি এলাকার কনক (২৮), ঝলক (৩০), বাহাদুল (৪০), নিউটাউনের পাপ্পু (২৩), রজত (৩০), কুতুবউদ্দিন (২৫), নবী হোসেন (৩৫), আখড়া বাজারের শান্তা (২১), নগুয়ার হাবিব (২৫) ও বত্রিশ এলাকার ইমরান (২৪) ছিলেন প্রতিশ্রুতিশীল। এই যুবকদের অকাল মৃত্যুতে শহরে মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে আতঙ্ক— এবার কার ছেলেমেয়ে এ মরণ নেশার ছোবলে নীল হয়। কার সন্তান মাদকাসক্ত হয়ে জড়িয়ে পড়ে নানা অপরাধে। শহরের খরমপট্টি, সাব-রেজিস্ট্রার কার্যালয় গলি, কানিকাটা, শোলাকিয়া লেভেল ক্রসিং, ঈদগা সড়ক, বয়লা নরসুন্দারপাড়, রেলস্টেশন, কাটাখালি, বত্রিশ, নগুয়া বাসস্ট্যান্ড, হারুয়া চৌরাস্তা, রাকুয়াইল, গাইটাল শ্মশানঘাট, বিসিক এলাকা, কলাপাড়া, পুরাতন কোর্ট সড়ক, রথখলা, জেলা সরণি মোড়, পিটিআই মোড়, পৌরসভার নরসুন্দা নদীঘাট, বিন্নাটি চৌরাস্তা, গোয়ালাপাড়া, যশোদলসহ শহরতলির ৬০টি স্থানে প্রতিদিন অবাধে মাদক বিক্রি হয়। এসব এলাকায় অনুসন্ধান ও সরেজমিনে এমন চিত্র পাওয়া গেছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত তিন মাসে শহরের শতাধিক চুরি ও ছিনতাইয়ের ঘটনায় মাদকাসক্ত যুবকেরা জড়িত ছিল। মাদকাসক্ত যুবকেরা একপর্যায়ে পয়সার অভাবে বেপরোয়া হয়ে ওঠে। তারা চুরি ও ছিনতাইয়ে জড়িয়ে পড়ে।কিশোরগঞ্জ শহরের ফিরোজা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পরিচালক নৌশাদ খান জানান, ‘গত দুই মাসে অন্তত ২০ জন মাদকাসক্তকে সেবা দিয়ে ভালো করেছি। শহরের গণ্যমান্য ব্যক্তিদের শিক্ষিত ছেলেমেয়েরা মাদকাসক্ত হয়ে পড়েছে। বিষয়টা ভাবতেই খারাপ লাগে।’ সেভ দ্য চিলড্রেন (ইউএসএ) ও বেসরকারি সংস্থা কেয়ার বাংলাদেশের এইচআইভি প্রতিরোধ ও নিয়ন্ত্রণবিষয়ক শাখা সম্প্রতি স্থানীয় একটি হোটেলে এক সেমিনারে কিশোরগঞ্জে মাদকের ভয়াবহ চিত্র তুলে ধরে। সেমিনারে বক্তারা বলেন, কিশোরগঞ্জের তরুণ-তরুণীদের মধ্যে মাদকাসক্তের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। বিশেষ করে সিরিঞ্জ দিয়ে মাদক গ্রহণের প্রবণতা ভয়াবহ আকার ধারণ করেছে। এ কারণে মাদকাসক্তরা এইচআইভিসহ বিভিন্ন যৌনরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। গত এক বছরে সামাজিক সংগঠন ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সভা, সমাবেশ, শোভাযাত্রা ও কনসার্টের আয়োজন করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, সাম্প্রতিক সময়ে মাদক প্রতিরোধে পুলিশি তৎপরতা ঝিমিয়ে পড়েছে। ফলে ভেস্তে গেছে মাদকবিরোধী আন্দোলন। শহরের গন্ডি পার হয়ে এখন মাদকের জাল ছড়িয়ে পড়েছে গ্রামগঞ্জে। বিশেষ করে উপজেলা শহরগুলো সন্ধ্যার পর মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে চলে যায়। কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির বলেন, মাদকের কারণে কুলিয়ারচরে চুরি-ছিনতাই বেড়ে গেছে। সন্ধ্যার পর মোমবাতি জ্বালিয়ে জুয়ার আসর বসছে। মদ, ফেনসিডিল, গাঁজা এখানে খুব সহজেই মেলে। এসব প্রতিরোধে পুলিশ কোনো ভূমিকা রাখে না। ভৈরব উপজেলা আওয়ামী লীগ ও ভৈরব চেম্বার সভাপতি মো. সায়েদুল্লাহ মিয়া উদ্বেগ প্রকাশ করে বলেন, ভৈরবে ট্রেনে করে ফেনসিডিল আসছে, নৌকায় আসছে গাঁজা। পরে এসব মাদকদ্রব্য কিশোরগঞ্জসহ সারা দেশে পাচার করা হয়। বিষয়টি জেলা আইনশৃঙ্খলা কমিটির একাধিক সভায় জানানো হয়েছে। তাতেও কাজের কাজ কিছু হয়নি।কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন জানান, ভৈরব মাদকের ঘাঁটি। এ শহরে মাদক আসার পথগুলো বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশের একটি দলকে এ ব্যাপারে বিশেষ দায়িত্ব পালনে নিয়োগ করা হচ্ছে।