মাদকের টাকা না পেয়ে চাচাকে কুপিয়ে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেশার টাকা না পেয়ে মাদকাসক্ত এক যুবক তাঁর চাচাকে কুপিয়ে হত্যা করেছেন। এ ছাড়া তিনি তাঁর এক চাচি ও আরেক চাচাকে কুপিয়ে জখম করেছেন। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুরের ভাঙ্গা পৌর এলাকার দড়িয়ারমাঠ মহল্লায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী মাদকাসক্ত ওই যুবককে গণপিটুনি দিয়ে হাসপাতালে পাঠিয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দড়িয়ারমাঠ গ্রামের সাম শেখের ছেলে আজাদ শেখ (২৮) হেরোইনসহ বিভিন্ন নেশায় আসক্ত। গতকাল দুপুর ১২টার দিকে আজাদ নেশার জন্য তাঁর চাচি শাহিনা বেগমের (৪০) কাছে কিছু টাকা চান। শাহিনা টাকা দিতে অস্বীকার করলে আজাদ ঘর থেকে রামদা এনে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এ সময় আজাদের চাচা শেখ মোহন (৭০) ও শেখ আউয়াল (৬৫) এগিয়ে এলে তাঁদেরও তিনি কুপিয়ে জখম করেন। পরে এলাকাবাসী আজাদকে গণপিটুনি দেয় এবং আজাদসহ আহত ওই চারজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ হোসেন বলেন, আহতদের মধ্যে শেখ মোহনকে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা ইমরান আলী বলেন, গুরুতর আহত শেখ আউয়ালকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শাহিনা ও আজাদকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।