মাদকের টাকা না পেয়ে দুই বোনকে কুপিয়ে জখম করেছে বড় ভাই
খুলনার দিঘলিয়া উপজেলায় গতকাল সোমবার মাদকাসক্ত বড় ভাই নেশার টাকা চেয়ে না পেয়ে ছোট দুই বোনকে কুপিয়ে জখম করেছেন। গুরুতর আহত দুই বোন মাহমুদা খাতুন (২২) ও মাহফুজা খাতুনকে (২৪) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় এলাকাবাসী অভিযুক্ত বড় ভাই ইয়ার হোসেনকে (৩২) আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে।এলাকাবাসীর ভাষ্যমতে, উপজেলার দেয়াড়া পশ্চিমপাড়া কলোনির বাসিন্দা মিলশ্রমিক হাসমত খলিফার বড় ছেলে ইয়ার হোসেন মাদকাসক্ত। মাদকের টাকার জন্য তিনি বিভিন্ন সময় পরিবারের সদস্যদের মারধর ও ঘরের আসবাব ভাঙচুর করতেন।এলাকাবাসীর দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল দুপুরে ছোট বোন মাহমুদার কাছে মাদক কেনার জন্য টাকা চান ইয়ার। কিন্তু টাকা দিতে রাজি না হওয়ায় ইয়ার ক্ষিপ্ত হয়ে রান্নাঘর থেকে দা এনে মাহমুদাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। তাঁর চিৎকার শুনে আরেক বোন মাহফুজা তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে ইয়ার তাঁকেও দা দিয়ে আঘাত করেন। এ সময় দুই বোনের চিৎকারে আশপাশের প্রতিবেশীরা এগিয়ে আসে এবং তাঁদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। প্রতিবেশীরা ইয়ারকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। হাসপাতাল সূত্র জানায়, মাহমুদার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। মাহফুজার শরীরেও দায়ের একাধিক কোপ লেগেছে। তবে এ বিষয়ে ওই পরিবারের কোনো সদস্যের বক্তব্য পাওয়া যায়নি।