মাদকের টাকা না পেয়ে পোশাকশ্রমিককে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকের জন্য টাকা না দেওয়ায় মিরপুরের পীরেরবাগে গতকাল মঙ্গলবার ভোররাতে দুর্বৃত্তরা কবির হোসেন (২১) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে। তিনি পোশাক কারখানায় ছাপা শাখার কর্মী ছিলেন।

পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্র বলেছে, কবির হোসেন সপরিবারে ৩৬৮/খ উত্তর পীরেরবাগে থাকতেন। তিনি মিরপুরের বিভিন্ন পোশাক কারখানার ছাপা শাখায় কাজ করতেন। গতকাল ভোররাতে কর্মস্থল থেকে ফেরার সময় বাসার কাছে আবু বক্কর মাদ্রাসাগলিতে চার বখাটে তাঁর পথরোধ করে। একপর্যায়ে তাঁর বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পরে মিরপুর থানার পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

কবিরের ভগ্নিপতি আবু বকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, হত্যাকারীরা বখাটে ও স্থানীয় বাসিন্দা। তারা কবিরের কাছে মাদক কেনার টাকা চেয়েছিল। কবির টাকা দিতে রাজি না হওয়ায় তাঁকে ছুরিকাঘাতে হত্যা করে। তিনি বলেন, প্রতিবেশীর কাছে খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে ছুটে যান। এ সময় কবির দুজনের নাম বলেছেন। কবিরের গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলার চড়পুগতায়। তাঁর বাবার নাম মোহাম্মদ হানিফ।

যোগাযোগ করা হলে মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় নিহত কবিরের মা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে মিরপুর থানায় মামলা করেছেন। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি। দীর্ঘদিন ধরে কবিরের সঙ্গে হামলাকারীদের বিরোধ চলছিল। পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে সমবয়সী এই যুবকেরা কবিরকে হত্যা করেছে। হামলাকারীদের নাম জানাতে অপারগতা প্রকাশ করেন পুলিশের এই কর্মকর্তা।