মাদকের টাকা না পেয়ে বাড়িতে অগ্নিসংযোগ
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা সদরে বাবা-মায়ের কাছে মাদক সেবনের জন্য টাকা না পেয়ে মাহবুবুর রহমান (২২) নামে এক যুবক নিজ বাড়িতে আগুন দিয়েছেন। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত তাঁকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।
প্রতিবেশীরা জানান, চিরিরবন্দরের হাটখোলা এলাকায় কৃষক মইনুল ইসলামের ছেলে মাহবুবুর পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেন। লেখাপড়া ছেড়ে তিনি ধীরে ধীরে মাদকাসক্ত হয়ে পড়েন।
মইনুল ইসলাম বলেন, তিন বছর ধরে মাহবুবুর মাদকাসক্ত। সে বাড়ির মূল্যবান জিনিসপত্র বিক্রি করে ফেনসিডিল ও গাঁজাসহ বিভিন্ন মাদক নেয়। টাকা না দিলে বাবা-মাকে মারধর করে।
ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেন। গতকাল সকালে মাহবুবুর মায়ের কাছে ২০০ টাকা দাবি করেন। মা টাকা না দিলে বাবার কাছে দাবি করেন। বাবাও টাকা দিতে অপারগতা জানালে বেলা ১১টার দিকে বাড়ির উঠানে খড়ের গাদা এবং একটি চালের ঘরে আগুন ধরিয়ে দেন। চিরিরবন্দর থানার পরিদর্শক (তদন্ত) শম্ভু দাস বলেন, ঘটনার পর স্থানীয় লোকজন মাহবুবুরকে পুলিশে সোপর্দ করেছেন। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও মো. মিজানুর রহমান তাঁকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন।