মাদকের টাকা না পেয়ে শ্বশুরের কবজি কর্তন
মাদকের টাকা না পেয়ে কুপিয়ে শ্বশুরের ডান হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলেছেন জামাতা। গত মঙ্গলবার সন্ধ্যায় কিশোরগঞ্জের নিকলী উপজেলায় এ ঘটনা ঘটেছে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার সাজনপুর বড়হাটি গ্রামের তাহের আলী মাদকাসক্ত। মাদকের টাকা না থাকলে তিনি প্রায়ই স্ত্রী পারভিনকে মারধর করতেন। স্ত্রী প্রায়ই বাবার বাড়ি থেকে টাকা এনে দিতেন। নির্যাতন সইতে না পেরে পারভিন দুই বছর আগে উপজেলার মাইজহাটি গ্রামে বাবার বাড়িতে চলে আসেন। কিন্তু তাহের আলী মাঝেমধ্যে নেশার টাকার জন্য শ্বশুরবাড়িতে আসতেন। সেখানেও স্ত্রীকে মারধর করতেন।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, মঙ্গলবার বিকেলে তাহের আলী শ্বশুরবাড়ি আসেন। বাড়িতে স্ত্রীকে না পেয়ে তিনি সন্ধ্যায় জারুইতলা বাজারে তাঁর শ্বশুর সেকেন্দর আলীর (৭০) দোকানে যান। সেখানে গিয়ে শ্বশুরের কাছে মদের টাকা চান। সেকেন্দর আলী টাকা দিতে রাজি না হলে তাহের আলী ক্ষুব্ধ হয়ে একটি দা দিয়ে শ্বশুরের ডান হাতে কোপ দেন। এতে প্রায় সম্পূর্ণ কেটে যায় তাঁর কবজি। পরে বাজারের ব্যবসায়ীরা দ্রুত সেকেন্দর আলীকে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সেকেন্দর আলীর ঝুলে থাকা কব্জি কেটে বিচ্ছিন্ন করে ফেলেন।
গতকাল বুধবার সকালে সেকেন্দর আলীর বাড়িতে গিয়ে দেখা যায়, এ ঘটনায় সবাই ক্ষুব্ধ। এ সময় পারভিন বলেন, ‘এত জ্বালার পরও আমি কিছু বলিনি। শেষ পর্যন্ত মদের টাকার জন্য আমার বৃদ্ধ বাবার ডান হাতটি কেটে ফেলল। আমি এর বিচার চাই। আমি এমন স্বামী চাই না।’
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি তাহের আলীকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।