মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক সেবনের জন্য টাকা চেয়ে না পেয়ে এক ব্যক্তি তাঁর স্ত্রী সুফিয়া খাতুনকে কুপিয়ে জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নানাখী গ্রামে।
এ ঘটনায় সুফিয়া খাতুন গতকালই সোনারগাঁ থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, সুফিয়া খাতুন (৩২) উপজেলার নানাখী গ্রামের করিম সরদারের মেয়ে। তাঁর সঙ্গে কয়েক বছর আগে একই গ্রামের সফিউদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁর স্বামী মাদক সেবন করতে শুরু করেন। বিভিন্ন সময় মাদক সেবন করতে বাধা দেওয়ায় স্বামী তাঁকে মারধর করেছেন। গতকাল দুপুরে মাদক সেবনের টাকা চেয়ে না পেয়ে সুফিয়াকে বঁটি দিয়ে কুপিয়ে জখম করেন স্বামী। ঘটনার পর এলাকাবাসী তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক জানান, মাদক সেবনের জন্য টাকা না পেয়ে জাহাঙ্গীর আলম এ ঘটনা ঘটিয়েছেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।