মাদকের টাকার জন্য সিঙ্গাইরে স্ত্রীকে খুন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চর শ্যামনগর গ্রাম থেকে গতকাল শনিবার আমেনা বেগম (৩০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মাদকাসক্ত স্বামীর নির্যাতনে তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন।
আমেনা সিঙ্গাইরের বান্ধাইল গ্রামের প্রবাসী তারা মিয়ার মেয়ে।
পুলিশ জানায়, প্রায় ১০ বছর আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন চর শ্যামনগর গ্রামের নূরুল ইসলাম। কয়েক মাস পর আমেনার সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর নূরুল আর বিদেশে যাননি। দেশেও কোনো কাজ করতেন না।
আমেনার মামা মজিবর রহমান বলেন, বিয়ের পর নূরুল ইসলাম জুয়াখেলা ও মাদকাসক্ত হয়ে পড়েন। বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে নূরুল প্রায়ই আমেনাকে মারধর করতেন। গতকাল সকাল আটটার দিকে নূরুল ঘরের দরজা বন্ধ করে আমেনাকে এলোপাতাড়ি লাথি ও কিলঘুষি মারতে থাকেন। এতে তাঁর মৃত্যু হলে নূরুল একটি রিকশাভ্যানে করে লাশ হাসপাতালে পাঠানোর চেষ্টা করেন। এ সময় লাশসহ নূরুলকে আটক করে এলাকাবাসী স্বজনদের খবর দেন। কিন্তু তিনি কৌশলে পালিয়ে যান।
সিঙ্গাইর থানার এসআই দুলাল উদ্দিন বলেন, নূরুলের কিলঘুষি ও তলপেটে লাথির আঘাতে আমেনার মৃত্যু হতে পারে।