মাদকের থাবায় পারিবারিক জীবন ও সংসার তছনছ হয়ে যাচ্ছে: নাসিম

দেশব্যাপী মাদকবিরোধী অভিযান চলছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘গ্রামগঞ্জেও মাদকের ভয়াল থাবায় পারিবারিক জীবন ও সংসার তছনছ হয়ে যাচ্ছে। ইয়াবা ডনরা যুবকদের বিপথে ঠেলে দিচ্ছে।’ আজ মঙ্গলবার সিরাজগঞ্জ জেলা পুলিশ আয়োজিত পুলিশ লাইনস মাঠে ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আইনশৃঙ্খলা বাহিনীকে মাদকসেবন ও ব্যবসায়ীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। এ অভিযানে নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। মাদকবিরোধী অভিযান নিয়ে রাজনীতির কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
ইফতার অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্থানীয় সাংসদ হাবিবে মিল্লাত, সাংসদ ম ম আমজাদ হোসেন, সাংসদ সেলিনা বেগম, জেলা ও দায়রা জজ ফাহমিদা কাদের, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সিরাজুল ইসলাম, আবু ইউসুফ সূর্য্য, কে এম হোসেন আলী হাসানসহ জেলা প্রশাসন, বিচার বিভাগ ও পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার বাহুকায় যমুনা নদীর ভাঙন রোধে নদীর তীর সংরক্ষণ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এ সময় তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত জোট আমলে উন্নয়নের নামে হাওয়া ভবন সৃষ্টি করে দেশের সম্পদ লুটপাট করা হয়েছে। আর শেখ হাসিনার সরকার দেশের আর্থসামাজিক উন্নয়ন করে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে এনেছেন। শেখ হাসিনা সফলভাবে জঙ্গি দমন করেছেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ শুরু করেছেন।’