মাদকের পথ, ব্যবসায়ী ও প্রশাসনের প্রচেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর জেলার সীমান্তবর্তী এলাকায় সরেজমিনে অনুসন্ধান করে চোরাচালানে যুক্ত ব্যক্তি, পুলিশ, র‌্যাব, বিজিবি এবং এলাকার নানা স্তরের মানুষজনের সঙ্গে কথা বলে চোরাই মাদকের গতিপথের একটা ধারণা পাওয়া গেছে। হেরোইন, ফেনসিডিল, ইয়াবাসহ সব রকম মাদকই এ পথ ধরে দেশের বিভিন্ন বাজারে পৌঁছে যায়। যশোরে মূলত শার্শা ও চৌগাছা সীমান্ত দিয়ে ভারত থেকে মাদকদ্রব্য আসে। শার্শা উপজেলায় রয়েছে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল। সবচেয়ে বেশি মাদকদ্রব্য ঢুকছে বেনাপোল বন্দরসংলগ্ন পুটখালী, দৌলতপুর, সাদিপুর ও রঘুনাথপুর সীমান্ত দিয়ে। সীমান্ত লাগোয়া এ গ্রামগুলোর যুবকদের একটা বড় অংশ মাদকদ্রব্য বহনের কাজটি করে বলে অভিযোগ রয়েছে। পুটখালী সীমান্ত দিয়ে আনা মাদক অনেক সময় ঘুরপথে পুটখালী, গোগা, বাগআঁচড়া হয়ে ঝিকরগাছার বাকড়াবাজার দিয়ে মনিরামপুরের ঝাঁপা বাজারে পৌঁছায়। পরে সেখান থেকে সেগুলো যশোরের পুলেরহাটে নেওয়া হয়।শার্শার ধান্যখোলা ও শিকারপুর সীমান্তের মাদকদ্রব্য শার্শার গোড়পাড়া বাজার হয়ে ঝিকরগাছার বেনেয়ালী থেকে যশোর-বেনাপোল সড়ক ধরে যশোর শহরে পৌঁছায়।চৌগাছার সীমান্ত এলাকায় মাদক ঢোকে কাবিলপুর, মাসিলা ও আন্দুলিয়া গ্রাম দিয়ে। কাবিলপুর গ্রামটি কপোতাক্ষ নদের পূর্ব পাশে। এখানকার মাদক বহনকারীরা কাবিলপুর থেকে ঝিকরগাছার ছুটিপুর বাজার হয়ে যশোর শহরের কায়েমখোলা ও ধর্মতলায় ওঠেন। আবারও সিন্ডিকেট: পুলিশের সূত্রগুলো বলছে, বছর চারেক আগেও হাসান-মিজান সিন্ডিকেট ছিল চোরাচালানের শীর্ষে। দুই ভাইয়ের এই সিন্ডিকেটকে ‘শংকরপুর সিন্ডিকেট’ বলেও ডাকা হতো। ২০০৯ সালের ৩ সেপ্টেম্বর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ক্রসফায়ারে নিহত হন হাসান ও মিজান।র‌্যাবের ক্রসফায়ারে নিহত হওয়ার দু-এক দিন আগে হাসান মুঠোফোনে প্রথম আলোকে বলেছিলেন, বিগত জোট সরকারের আমলে যশোরের অনেক প্রভাবশালী যেমন তাঁর কাছ থেকে সুবিধা নিয়েছিলেন, তেমনি বর্তমান সরকারের আমলেও অনেকে সেটা নিতে শুরু করেছেন। আর এই তালে পড়েই ভালো হতে চাইলেও তিনি ভালো হতে পারছেন না।পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর একাধিক সূত্র বলছে, হাসান-মিজানের অবর্তমানে যশোরের চোরাচালান সিন্ডিকেটে একাধিপত্য বিস্তার করেছেন হত্যাসহ অনেক মামলার পলাতক আসামি আনিছুর রহমান ওরফে ফিঙ্গে লিটন। পুলিশের দাবি, ফিঙ্গে লিটন এখন কলকাতায় গা ঢাকা দিয়ে রয়েছেন। সেখান থেকেই তিনি চোরাচালান নিয়ন্ত্রণ করছেন। ঢাকায় লিটনের চক্রের প্রতিনিধি হিসেবে কাজ করতেন কেরামত, যিনি গত ৮ সেপ্টেম্বর ঢাকায় দুই হাজার ৫০০ বোতল ফেনসিডিলসহ ধরা পড়েন। এই কেরামত একসময় তথাকথিত চরমপন্থী রাজনীতিতে যুক্ত ছিলেন। পরে তিনি যুবলীগে যোগ দিয়ে জেলা কমিটির সদস্য হন। নওয়াপাড়ার বিরামপুর এলাকার ত্রাস কেরামতের বিরুদ্ধে হত্যাসহ অনেকগুলো মামলা রয়েছে। এলাকায় ধারণা রয়েছে, তাঁর সঙ্গে গ্রেপ্তার ফকরুল কারাগার থেকে বেরিয়ে এসে চক্রের দায়িত্ব নিয়েছেন। কয়েকজন মাদক ব্যবসায়ী: নিজস্ব অনুসন্ধান ও গোয়েন্দা সূত্রে জানা যায়, যশোর শহরের চাঁচড়া, শঙ্করপুর, নতুন বাস টার্মিনাল ও রেলস্টেশনকেন্দ্রিক খুচরো মাদক ব্যবসার মূল নিয়ন্ত্রক আলোচিত হাসান-মিজানের ছোট ভাই মশিউল ও ভাইপো শিশির। নাজির শঙ্করপুর এলাকায় এ কাজটি করেন অর্ণব হত্যা মামলার আসামি কাজী তারেক ও তাঁর ভাইয়েরা। অর্ণব হত্যা মামলার আরেক আসামি দীপের নেতৃত্বে রেলগেট, রেলস্টেশন, মেথরপট্টি ও ষষ্ঠীতলার একাংশে মাদক বেচাকানা চালাতেন একই মামলার আসামি মরা। তাঁদের অবর্তমানে তরিকুল, নাদিম ও সিকদার এ এলাকাগুলো নিয়ন্ত্রণ করছেন।শহরের বিভিন্ন এলাকায় মাদক বেচাকেনার নিয়ন্ত্রক হিসেবে অনেকগুলো নাম পাওয়া যায়। যেমন: পালবাড়ি ভাস্কর্যের মোড়ে টিপু ও সাইফুল; মণিহার থেকে খুলনা বাসস্ট্যান্ড পর্যন্ত এলাকায় ফিঙ্গে লিটনের ভাই রিপন ও ডিম রিপন; খোলাপাড়া ও মঙ্গলগাতিতে দেলু ও হেমায়েত; ঘোপে সাংবাদিক শামছুর রহমান হত্যা মামলার আসামি শুকর আলী; নাজির শঙ্করপুরে সফিউল ও হাতকাটা মোহাম্মদ আলী; চাঁচড়া রেলগেট তেঁতুলতলায় বুদ্ধিবুড়ির ছেলে মামুন; রায়পাড়ায় বিডিআর হুজুরের ছেলে মাহবুব; বেজপাড়ায় নবাব, আরিফ ও খুরশীদ এবং মোল্লাপাড়ায় তালেব। এঁদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন সময় মামলা হয়েছে কিন্তু জামিনে বেরিয়ে এসে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন তাঁরা।শহরের সাধারণ বাসিন্দারা মনে করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারীরা চাইলে মাদক ব্যবসা চলতে পারত না। তাঁদের অভিযোগ, মাদক ব্যবসায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও যোগসূত্র রয়েছে এবং সে জন্যই বিপুল পরিমাণ মাদকদ্রব্য বাজারে চলে আসতে পারছে। র‌্যাব-৬ যশোর ক্যাম্পের উপপরিচালক মেজর এ বি এম জাহিদুল করিম অবশ্য দাবি করছেন, মাদকবিরোধী অভিযানে তাঁরা এখন পর্যন্ত যথেষ্ট সফল। গত এক বছরে র‌্যাব লক্ষাধিক বোতল ফেনসিডিল ছাড়াও বিপুল পরিমাণ ইয়াবা, হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার এবং জড়িত ব্যক্তিদের আটক করেছেন।যশোরের পুলিশ সুপার জয়দেব ভদ্রও বলছেন, পুলিশ কাঠখড় পুড়িয়ে মাদক ব্যবসায়ীদের আটক করার পর তাঁরা জামিনে বেরিয়ে আবারও ব্যবসায় জড়িয়ে পড়ছে।এই কর্মকর্তারা মনে করছেন, মাদক হয়ে উঠেছে এই সীমান্ত জেলার অনেক মানুষের জীবিকার উৎস। তাই এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।